৪৭তম বিসিএস: প্রিলিমিনারিতে উত্তীর্ণ ১০ হাজার ৬৪৪
প্রিলিমিনারিতে ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী অংশগ্রহণের আবেদন করেছিলেন।
৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ১০ হাজার ৬৪৪ জন প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
রোববার রাতে প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ করা হয়।
এ বিসিএসে ৩ লাখ ৭৪ হাজারের বেশি প্রার্থী প্রিলিমিনারি পরীক্ষায় অংশগ্রহণের আবেদন করেছিলেন।
কমিশনের জনসংযোগ কর্মকর্তা এস এম মতিউর রহমান রোববার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। ১০ হাজার ৬৪৪ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।"
৪৪ থেকে ৪৮তম বিসিএস পরীক্ষা নিয়ে যে জট সৃষ্টি হয়েছে, তা নিরসনে গত ৩ জুন রোডম্যাপ ঘোষণা করে পিএসসি।
ওই রোডম্যাপ অনুসারে, ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা ফল প্রকাশিত হল।
গত ১৯ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হয়ে ১২টা পর্যন্ত আট বিভাগীয় শহরের মোট ২৬২টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষার আয়োজন করা হয়।
৩ হাজার ৪৮৭টি ক্যাডার এবং ২০১টি নন-ক্যাডার পদে নিয়োগ দিতে গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি জারি করে পিএসসি।
গত ১০ ডিসেম্বর সকালে ১০টা থেকে অনলাইনে এ বিসিএসের আবেদনগ্রহণ শুরু হওয়ার কথা থাকলেও ৯ ডিসেম্বর তা স্থগিত করে পিএসসি।
পরে গত ২৬ ডিসেম্বর ৪৭তম বিসিএসের সংশোধিত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। সংশোধিত বিজ্ঞপ্তিতে, ৪৭তম বিসিএস পরীক্ষা থেকে আবেদন ফি ও মৌখিক পরীক্ষার (ভাইভা) নম্বর কমানো হয়।
এ বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। ফলে মোট নম্বর ১১০০ থেকে পরিবর্তন করে ১০০০ করা হয়েছে।
এ বিসিএসে প্রথমবারের মতো আবেদনের বয়সসীমা ৩২ বছর নির্ধারণ করা হয়। ২৯ ডিসেম্বর থেকে শুরু হয় এ বিসিএসের আবেদন, চলে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রথমে গত ৮ অগাস্ট ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হওয়ার কথা থাকলেও তা ৪৩ দিন পিছিয়ে যায়।
