‘অগাস্টের মত’ সার্জেন্টকে ‘মেরে ঝুলিয়ে রাখার’ হুমকি, বাইক চালকের কারাবাস
আরোহীকেও ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
হেলমেট না পড়ার কারণে থামিয়ে রাজধানীর উত্তরায় এক মোটরসাইকেল চালকের তোপের মুখে পড়েছিলেন ট্রাফিক পুলিশের সার্জেন্ট জনাব আলী। সেই চালক তখন হুমকি দেন, গত বছর অগাস্টে আন্দোলনের সময় তারা যেভাবে ‘পুলিশ মেরে ঝুলিয়ে দিয়েছিলেন’, তাকেও (সার্জন্ট) সেভাবে ‘ঝুলিয়ে দেওয়া’ হবে।
এর পরপরই উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাইক চালক সাদিকুর রহমানকে আটক করে। পরে ডিএমপির ভ্রাম্যমাণ আদালত চালককে এক মাসের কারাবাসের দণ্ড ও আরোহী আব্দুর রহিমকে ৫০০ টাকা জরিমানা করে।
বুধবার সকালে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে বলে সংবাদমাধ্যমকে তথ্য দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা ট্রাফিক বিভাগের সহকারী কমিশনার (এসি) মাহবুবুর রহমান।
কারাদণ্ড পাওয়া মোটরসাইকেল চালক সাদিকুর ডিএমপির তুরাগ থানাধীন বাউনিয়া এলাকার মো. মফিজ উল্লাহর ছেলে।
এসি মাহবুবুরের ভাষ্য, দায়িত্ব পালনের সময় ট্রাফিক সার্জেন্ট জনাব আলী ওই মোটরসাইকেলকে থামানোর পর হেলমেট পরে না থাকার কারণে একটি মামলা দেন। তখন চালক ও আরোহী মিলে সার্জেন্টকে ‘অশ্রাব্য ভাষায়’ গালি দেন। এক পর্যায়ে তারা সার্জেন্টকে গত বছরের (২০২৪) ৫ অগাস্টের মত ‘মেরে ঝুলিয়ে রাখার’ হুমকি দেন।
তিনি বলেন, ভুক্তভোগী সার্জেন্ট বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে উত্তরা পশ্চিম থানা-পুলিশের একটি টহল দল গিয়ে তাদের আটক করে। পরে চালক ও আরোহীকে ডিএমপির বিশেষ আদালতে পাঠানো হয়।
