Published : 03 May 2026, 03:09 PM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর আত্মহত্যায় প্ররোচনার মামলায় একই বিভাগের সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।
রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মঞ্জুরুল ইসলাম এ আদেশ দেন।
প্রসিকিউশন পুলিশের এসআই কামাল হোসেন এ তথ্য জানিয়েছেন।
মুনিরা মাহজাবিন মিমো ছিলেন ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। পরিবারের সঙ্গে বাড্ডার বাসায় থাকতেন মিমো।
গত ২৬ এপ্রিল সকালে নিজের ঘর থেকে ওই শিক্ষার্থীকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। তার কক্ষ থেকে একটি চিরকুট পাওয়া যায়।
সেখানে লেখা ছিল, “সুদীপ স্যারকে ৫০ হাজার টাকা দিতে হবে। হানি আর সুদীপ স্যার ভালো থাকো। স্যারের দেওয়া গিফটগুলো ফেরত দেওয়া...।”
দুপুরের দিকে শিক্ষার্থীর বাবা মোহাম্মদ গোলাম মোস্তফা আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীর বিরুদ্ধে মামলা করেন।
মামলা দায়েরের পরে সুদীপকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করে পরদিন কারাগারে আটক রাখার আবেদন করা। তার পক্ষে আইনজীবী জামিন চেয়ে আবেদন করেছিলেন। আদালত জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেয়।
সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য গত ২৮ এপ্রিল মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার এসআই কাজী ইকবাল হোসেন তিন দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। আদালত আসামির উপস্থিততিতে শুনানির জন্য এদিন ঠিক করেন।
এদিন শুনানিকালে সুদীপ চক্রবর্তীকে আদালতে হাজির করা হয়। তার পক্ষে অ্যাডভোকেট ফুল মোহাম্মদ ও অ্যাডভোকেট আবু সায়েম রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। প্রয়োজনে তাকে কারাফটকে জিজ্ঞাসাবাদের প্রার্থনা করেন তারা। রাষ্ট্রপক্ষে প্রসিকিউটর মুহাম্মদ শামছুদ্দোহা সুমন সর্বোচ্চ রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
শুনানি নিয়ে আদালত আদেশ অপেক্ষমাণ রাখে। পরে আদালত ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষকের তিন দিনের রিমান্ডের আদেশ দেয়।