১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ডেঙ্গু: এক দিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১ জন

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে।

ডেঙ্গু: এক দিনে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ১১২১ জন
ফাইল ছবি

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Oct 2024, 07:06 PM

Updated : 26 Aug 2026, 10:45 AM

দেশে গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হয়েছে; এ সময়ে নতুন আক্রান্ত ১ হাজার ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪১ জনে। আর হাসপাতালে ভর্তি রোগী বেড়ে হয়েছে ৪৮ হাজার ৫৮২ জন।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, শনিবার ভর্তি নতুন রোগীদের মধ্যে ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় ৪৭০ জন, ঢাকা বিভাগে ১৬৩ জন, ময়মনসিংহে ২৫ জন, চট্টগ্রামে ১৪৯ জন, খুলনায় ১১২ জন, রাজশাহী বিভাগে ৪৪ জন, রংপুর বিভাগে ১০ জন, বরিশাল বিভাগে ১৪৬ জন এবং সিলেট বিভাগে দুইজন ভর্তি হয়েছেন।

বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু নিয়ে ভর্তি আছেন ৩৯৫৪ জন। তাদের মধ্যে ঢাকার বিভিন্ন হাসপাতালে ১ হাজার ৮৭৪ জন; আর ২ হাজার ৮০ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন।

এ বছর মোট ভর্তি রোগীদের মধ্যে ২৭ হাজার ৮৪৭ জন ঢাকার বাইরের রোগী। ঢাকার দুই মহানগর এলাকার হাসপাতালে ভর্তি হয়েছেন ২০ হাজার ৭৩৫ জন।

সেপ্টেম্বর মাসে দেশে সবচেয়ে বেশি ১৯ হাজার ২৪১ জন রোগী ভর্তি হয়েছে। ওই মাসেই সবচেয়ে বেশি ৮৩ জনের মৃত্যু হয়েছে।

অক্টোবরের প্রথম ১৯ দিনে ১৭ হাজার ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে; মৃত্যু হয়েছে ৭৮ জনের।

এর আগে জানুয়ারি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১ হাজার ৫৫ জন, এর মধ্যে ১৪ জনের মৃত্যু হয়েছে। ফেব্রুয়ারি মাসে হাসপাতালে ভর্তি হন ৩৩৯ জন, মৃত্যু হয়েছে তিনজনের। মার্চ মাসে আক্রান্ত হয়েছেন ৩১১ জন, যাদের মধ্যে পাঁচজনের মৃত্যু হয়েছে। এপ্রিল মাসে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫০৪ জন, মৃত্যু হয়েছে দুইজনের। মে মাসে ৬৪৪ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে ১২ জনের। জুন মাসে ৭৯৮ জন হাসপাতালে ভর্তি হয়েছেন, মৃত্যু হয়েছে আটজনের।

জুলাই মাসে ২ হাজার ৬৬৯ জন হাসপাতালে ভর্তি হন, তাদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়। অগাস্টে ৬ হাজার ৫২১ জন রোগী হাসপাতালে ভর্তি হন, যাদের মধ্যে ২৭ জনের মৃত্যু হয়।

স্বাস্থ্য অধিদপ্তর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ও মৃত্যুর তথ্য রাখে ২০০০ সাল থেকে। এর মধ্যে ২০২৩ সালে এ রোগ নিয়ে সবচেয়ে বেশি ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন হাসপাতালে ভর্তি হয়। ডেঙ্গু আক্রান্ত হয়ে সবচেয়ে বেশি ১৭০৫ জনের মৃত্যুও হয় ওই বছর।