১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

উগ্রবাদ দমনে একসঙ্গে কাজ করতে চায় এটিইউ ও এফবিআই

“তারা এন্টি টেররিজম ইউনিটের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করে।”

উগ্রবাদ দমনে একসঙ্গে কাজ করতে চায় এটিইউ ও এফবিআই
বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কর্মরত এফবিআই কর্মকর্তাদের সঙ্গে এটিইউ প্রধান রেজাউল করিম এবং অন্য কর্মকর্তারা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Sep 2025, 09:03 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

উগ্রবাদ ও সন্ত্রাসবাদ দমনে বাংলাদেশ পুলিশের এন্টি টেরোরিজম ইউনিট-এটিইউ ও যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা (এফবিআই) একসঙ্গে কাজ করতে চায়।

জঙ্গিবাদ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত এই ইউনিটের নবনিযুক্ত প্রধান (অতিরিক্ত আইজিপি) রেজাউল করিমের সঙ্গে বৈঠকে এ বিষয়ে আলোচনা করেন বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কর্মরত এফবিআইর প্রতিনিধিরা।

সোমবার এটিইউর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ ও শ্রীলঙ্কায় কর্মরত এফবিআই কর্মকর্তাদের সঙ্গে এদিন বেলা ৩টার দিকে মতবিনিময় করেন এটিইউ প্রধান রেজাউল করিম। 

বৈঠকে মার্কিন দূতাবাসের চার সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন শ্রীলঙ্কায় কর্মরত এফবিআইর অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে কেইস ফেরেল। 

অন্যদের মধ্যে ছিলেন এফবিআই স্টাফ-অ্যাডমিনিস্ট্রেটিভ স্পেশালিস্ট সুসান ফিনবি, ঢাকায় কর্মরত অ্যাসিস্ট্যান্ট লিগ্যাল অ্যাটাশে রবার্ট জে ক্যামেরন ও মার্কিন দূতাবাস ঢাকার পুলিশ লিয়াজোঁ অফিসার আমিনুল ইসলাম। 

সভায় এটিইউর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “প্রতিনিধি দলটি সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক পরিমণ্ডলে সংগঠিত বিভিন্ন ঘটনা নিয়ে বিস্তারিত আলোচনা করে। তারা এন্টি টেররিজম ইউনিটের বর্তমান কার্যক্রম সম্পর্কে অবহিত হন এবং সন্তোষ প্রকাশ করে। 

“ভবিষ্যতে সন্ত্রাসবাদ ও উগ্রবাদ দমনে উভয় পক্ষ পারস্পরিক সহযোগিতার আশ্বাস প্রদানসহ একসঙ্গে কাজ করার আগ্রহ ব্যক্ত করে।”