Published : 30 Oct 2025, 09:44 PM
মেট্রো লাইন নির্মাণের অংশ হিসেবে পরিষেবা লাইন স্থানান্তরের সময় যানজটের আশঙ্কায় ঢাকার বীর উত্তম রফিকুল ইসলাম সরণিতে চলাচলকারীদের হাতে ‘যথেষ্ট সময়’ নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় মেট্রোরেলের নির্মাণ ও পরিচালনায় দায়িত্বে থাকা ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) বিজ্ঞপ্তিতে এ পরামর্শ দেওয়া হয়।
রামপুরা ব্রিজ থেকে নতুন বাজার পর্যন্ত সড়কের দুই পাশের দাপ্তরিক নাম ‘বীরউত্তম রফিকুল ইসলাম সরণি’।
ডিএমটিসিএলের ট্রাফিক সংক্রান্ত বিশেষ নির্দেশনা বিজ্ঞপ্তিতে বলা হয়, “যানজট নিরসন ও পরিবেশ সংরক্ষণে অত্যাধুনিক গণপরিবহন হিসেবে দেশের প্রথম আন্ডারগ্রাউন্ড মেট্রোরেল এমআরটি লাইন-১ নির্মাণে ‘ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১)’ প্রকল্পের কাজ চলমান রয়েছে।”
উত্তর বাড্ডা ও বাড্ডা মেট্রো স্টেশন এলাকায় বৃহস্পতিবার রাত ১০টা থেকে বিশেষ ব্যবস্থাপনায় পরিষেবা লাইন স্থানান্তরের কার্যক্রম শুরু করার কথা জানিয়ে ডিএমটিসিএল বলেছে, “পরিষেবা লাইন স্থানান্তরের সময় বীরউত্তম রফিকুল ইসলাম সরণি রুটে যানজট সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
“উক্ত করিডোরে চলাচলরত সব জনসাধারণ ও পরিবহনকে যথেষ্ট সময় নিয়ে বের হওয়ার জন্য এবং প্রয়োজনে সম্ভাব্য বিকল্প পথ ব্যবহারের জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে।”
এমআরটি-১ ঢাকার বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১৯ দশমিক ৮৭ কিলোমিটার এবং নতুন বাজার থেকে কুড়িল বিশ্বরোড হয়ে রূপগঞ্জের পিতলগঞ্জ পর্যন্ত ১১ দশমিক ৩৭ কিলোমিটার দীর্ঘ।
এরমধ্যে বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ১২টি পাতাল মেট্রোরেল স্টেশন এবং নতুন বাজার থেকে পিতলগঞ্জ পর্যন্ত দুটি পাতাল ও সাতটি উড়াল মেট্রোরেল স্টেশন নির্মাণ হবে।