Published : 18 Feb 2026, 02:15 PM
দেড় বছর ধরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিবের দায়িত্ব সামলে এবার সাংবাদিকতায় ফিরলেন শফিকুল আলম।
নতুন ইংরেজি দৈনিক ‘ডেইলি ওয়াদা’র সম্পাদক পদে যোগ দিয়েছেন তিনি। বুধবার ফেইসবুকে একটি পোস্ট দিয়ে নিজের নতুন কাজের খবর দেন শফিকুল আলম।
তিনি বলেন, “আমি একটি নতুন ইংরেজি সংবাদপত্র, ডেইলি ওয়াদা’র সম্পাদক হিসেবে যোগ দিয়েছি। সবার দোয়া ও আশীর্বাদ কামনা করছি।”
বিদায়ী প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদারও সঙ্গী হয়েছেন শফিকুল আলমের। তিনি নতুন এই পত্রিকায় নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার ঘোষণা দিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে শফিকুল আলম বলেন, "আমি কাজ শুরু করেছি। এর সঙ্গে সাবেক উপ প্রেসসচিব আজাদ মজুমদারও আছেন। আমরা অলরেডি কাজ শুরু করেছি আজকে।
“আমাদের একটাই লক্ষ্য 'ভালো জার্নালিজম' করা। আর কিছু না।”
'ভালো সাংবাদিকতার' অঙ্গীকার থেকেই পত্রিকার এ নামকরণ করা হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
'ওয়াদা' শব্দটি কোন বিষয়ের প্রতি অঙ্গীকার বোঝানো হচ্ছে জানতে চাইলে শফিকুল আলম বলেন, "ভালো জার্নালিজম' করা। সঠিক তথ্য পরিবেশন করা।"
এদিকে আবুল কালাম আজাদ মজুমদার ফেইসবুক পোস্টে তিনি লেখেন, “প্রফেসর ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে তার দায়িত্ব সম্পন্ন করে আনুষ্ঠানিকভাবে আমাদের নতুন প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে দায়িত্ব হস্তান্তর করেছেন। ফলে তার উপ-প্রেস সচিব হিসেবে আমার দায়িত্বও শেষ হয়েছে।”
উপ-প্রেস সচিব তার কাজের অভিজ্ঞতা নিয়ে বলেন, “এটি ছিল এক অবিস্মরণীয় যাত্রা, উত্তেজনা, চ্যালেঞ্জ, সাফল্য ও কঠিন মুহূর্তে ভরা। দায়িত্ব ছিল বিশাল, তবে তা আমাকে অমূল্য অভিজ্ঞতা ও শিক্ষা দিয়েছে, যা ভবিষ্যতে বহন করব।”
সাংবাদিকতায় ফেরার ঘোষণা দিয়ে আজাদ লেখেন, “আমি আবার সাংবাদিকতায় ফিরে যাওয়ার পরিকল্পনা করেছি এবং কয়েকটি সুযোগ বিবেচনা করেছি। শিগগিরই প্রকাশিত হতে যাওয়া ইংরেজি দৈনিক ডেইলি ওয়াদা’এ নির্বাহী সম্পাদক হিসেবে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
তিনি বলেন, “পেশাজীবনে আমি সবসময় সত্যের প্রতি অঙ্গীকারবদ্ধ ছিলাম। আমি বিশ্বাস করি, নতুন এই উদ্যোগেও একই পেশাদার সততা ও নীতিমালা বজায় রাখতে পারব।”
নতুন অধ্যায়ে সবার দোয়া ও সমর্থন কামনা করে তিনি লেখেন, “নতুন এই পথচলায় সবার আশীর্বাদ ও সমর্থন কামনা করছি।”
২০২৪ সালের ১৩ অগাস্ট অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের প্রেস সচিব হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পান বার্তাসংস্থা এএফপির ঢাকার ব্যুরো চিফ শফিকুল আলম। পরে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে তাকে জ্যেষ্ঠ সচিবের পদমর্যাদা দেওয়া হয়।
অন্যদিকে মোহাম্মদ আবুল কালাম আজাদ মজুমদার প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইংরেজি দৈনিক নিউ এইজের যুগ্ম বার্তা সম্পাদক ছিলেন। দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তার। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগ থেকে পড়াশোনা শেষে ক্রীড়া সাংবাদিকতা দিয়ে পেশাজীবন শুরু করেন তিনি।