১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

রেল কর্মকর্তা মামুন হত্যা: বিউটি ৩ দিনের রিমান্ডে

গত ১১ জুলাই রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jul 2026, 05:18 PM

Updated : 11 Sep 2026, 03:44 PM

ঢাকার মহাখালীতে রেল কর্মকর্তা মামুন মিয়াকে হত্যার ঘটনায় তার কথিত প্রেমিকা বিউটি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এ আদেশ দেন।

ঢাকা মহানগর পুলিশের প্রসিকিউশন বিভাগের এসআই মোক্তার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। 

গত ১১ জুলাই রেলওয়ের দ্বিতীয় শ্রেণির কর্মকর্তা মামুন মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করা হয়। ওই ঘটনায় তার চাচা মো. শমসের আলী বনানী থানায় বিউটি আক্তারের বিরুদ্ধে হত্যা মামলা করেন। পরদিন তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার এসআই তারেক হাসান গত ১৪ জুলাই বিউটি আক্তারকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালত আসামির উপস্থিতিতে শুনানির জন্য রোববার দিন ধার্য করেন।

রোববার তাকে আদালতে হাজির করা হলে রাষ্ট্রপক্ষে এসআই মোক্তার হোসেন রিমান্ডের পক্ষে যুক্তি উপস্থাপন করেন। তবে আসামিপক্ষে কোনো আইনজীবী উপস্থিত ছিলেন না। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

মামলার এজাহারে বলা হয়েছে, প্রায় এক বছর আগে মামুন মিয়ার সঙ্গে বিউটি আক্তারের পরিচয় হয় এবং পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি মামুনের পরিবার জানত না।

অভিযোগে বলা হয়েছে, ১০ জুলাই চিকিৎসার কথা বলে বিউটি ঢাকায় এসে মহাখালীর টিবি গেইট এলাকায় একটি কক্ষ ভাড়া নেন এবং মামুনকে সেখানে দেখা করতে ডাকেন।

পরদিন ১১ জুলাই বেলা ১১টার দিকে মামুন সেখানে গেলে তাকে বিয়ের জন্য চাপ দেন বিউটি। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে বিউটি ছুরি দিয়ে মামুনের গোপনাঙ্গ ও পেটে আঘাত করেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

মামুনের চিৎকারে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই দিন সন্ধ্যা ৭টার দিকে তার মৃত্যু হয়।