১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

চায়না–সাউথ এশিয়া ডালি আলোকচিত্র প্রদর্শনীতে মোস্তাফিজুর রহমানের ৮ ছবি

বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, মানুষের জীবনধারা ও সামাজিক বাস্তবতার বিভিন্ন দিক উঠে এসেছে তার এসব ছবিতে।

চায়না–সাউথ এশিয়া ডালি আলোকচিত্র প্রদর্শনীতে মোস্তাফিজুর রহমানের ৮ ছবি
প্রদর্শনীতে নিজের ছবির সামনে মোস্তাফিজুর রহমান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2026, 11:40 AM

Updated : 11 Sep 2026, 03:26 PM

চীনের ইউনান প্রদেশের কুনমিং ও ডালিতে আয়োজিত চায়না–সাউথ এশিয়া (ডালি) ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশনে স্থান পেয়েছে বাংলাদেশি আলোকচিত্রী ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের হেড অব নিউজ ফটোগ্রাফি মুহাম্মদ মোস্তাফিজুর রহমানের আটটি আলোকচিত্র।

গত ৯ থেকে ১৭ জুন পর্যন্ত নয় দিনব্যাপী এই আন্তর্জাতিক আয়োজনে বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের নির্বাচিত কাজ স্থান পায়। বিভিন্ন দেশের আলোকচিত্রী, শিল্পী, কিউরেটর, গবেষক ও আলোকচিত্র অনুরাগীরা প্রদর্শনীতে অংশ নেন।

মোস্তাফিজুর রহমানের নির্বাচিত আটটি আলোকচিত্র কুনমিংয়ের দিয়ানছি আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে প্রদর্শিত হয়। বাংলাদেশের প্রকৃতি, সংস্কৃতি, মানুষের জীবনধারা ও সামাজিক বাস্তবতার বিভিন্ন দিক উঠে এসেছে তার এসব ছবিতে। 

২০০৯ সালে যাত্রা শুরু করা ডালি ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন গত দেড় দশকে আন্তর্জাতিক অঙ্গনে পরিচিত একটি আলোকচিত্র উৎসবে পরিণত হয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের অংশগ্রহণে এটি একটি আন্তর্জাতিক সাংস্কৃতিক প্ল্যাটফর্ম হিসেবে প্রতিষ্ঠা পেয়েছে।

প্রদর্শনীতে স্থান পাওয়া মোস্তাফিজুর রহমানের কয়েকটি ছবি

প্রদর্শনীতে স্থান পাওয়া মোস্তাফিজুর রহমানের কয়েকটি ছবি

প্রদর্শনীতে স্থান পাওয়া মোস্তাফিজুর রহমানের কয়েকটি ছবি

প্রদর্শনীতে স্থান পাওয়া মোস্তাফিজুর রহমানের কয়েকটি ছবি

প্রদর্শনীতে স্থান পাওয়া মোস্তাফিজুর রহমানের কয়েকটি ছবি

প্রদর্শনীতে স্থান পাওয়া মোস্তাফিজুর রহমানের কয়েকটি ছবি

এবারের আয়োজনকে আরও বৃহত্তর আন্তর্জাতিক পরিসরে নিয়ে যেতে ডালি ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশনকে চীন–সাউথ এশিয়া এক্সপোর সঙ্গে যুক্ত করে নতুন নাম দেওয়া হয়েছে চায়না–সাউথ এশিয়া (ডালি) ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশন ২০২৬।

প্রদর্শনীর আনুষ্ঠানিক কার্যক্রম ৯ জুন কুনমিংয়ের দিয়ানছি আন্তর্জাতিক কনভেনশন ও এক্সিবিশন সেন্টারে শুরু হলেও উদ্বোধনী অনুষ্ঠান হয় ১৩ জুন ডালির ডালি টাউন ফুড ইন্ডাস্ট্রিয়াল পার্কে। চীনসহ বিভিন্ন দেশের আলোকচিত্রী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, শিল্পকলা-সংশ্লিষ্ট প্রতিনিধি এবং সরকারি কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন।

মোস্তাফিজুর রহমান।

মোস্তাফিজুর রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে বিদেশি আলোকচিত্রীদের পক্ষে বক্তব্য দেন মোস্তাফিজুর রহমান। তিনি এ ধরনের আন্তর্জাতিক প্রদর্শনীতে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য কুনমিংয়ে বাংলাদেশ কনসাল জেনারেল, বাংলাদেশ ট্রাভেল রাইটার্স অ্যাসোসিয়েশন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।

তিনি বলেন, “এই ধরনের বিশাল আয়োজনের মাধ্যমে ফটোগ্রাফিকে কেন্দ্র করে আন্তর্জাতিক সাংস্কৃতিক বিনিময়, শিল্পচর্চা এবং দক্ষিণ এশিয়া ও চীনের জনগণের মধ্যে পারস্পরিক বোঝাপড়া আরও জোরদার সম্ভব হবে।

“বিশ্বের বিভিন্ন দেশের আলোকচিত্রীদের সঙ্গে একই মঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করার সুযোগ দেশের তরুণ আলোকচিত্রীদের জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।”

চায়না–সাউথ এশিয়া (ডালি) ইন্টারন্যাশনাল ফটো এক্সিবিশনের এটি দশম আসর। এবারের উৎসবে ২৫টি দেশের ২ হাজার ২৬০ জন আলোকচিত্রীর আট হাজারের বেশি আলোকচিত্র প্রদর্শিত হচ্ছে। এর মধ্যে ১০০ জনের বেশি বিদেশি এবং প্রায় ২ হাজার জন চীনা আলোকচিত্রী অংশ নিয়েছেন।

এর আগে ২০২৫ ও ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক ও যুক্তরাজ্যের লন্ডনে মোস্তাফিজুর রহমানের একক আলোকচিত্র প্রদর্শনী হয়। এছাড়া মেক্সিকো, বাহরাইন ও ইতালিতেও তার আলোকচিত্র প্রদর্শিত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক পুরস্কারও তিনি পেয়েছেন।