২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

বেঙ্গলে ‘চিত্রিত মৃৎশিল্প’ প্রদর্শনী

বেঙ্গলের কামরুল হাসান প্রদর্শনশালাল এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় শনিবার; যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jul 2023, 11:23 AM

Updated : 30 Jul 2023, 11:23 AM

ঢাকার ধানমণ্ডির বেঙ্গল শিল্পালয়ে শুরু হয়েছে ‘বাংলাদেশের লোকশিল্প: চিত্রিত মৃৎশিল্প’ প্রদর্শনী।

লোকশিল্প এবং মৃৎশিল্পের নিদর্শন রাখা হয়েছে এই প্রদর্শনীতে। এছাড়া শিল্পের এই দুই মাধ্যম নিয়ে দেশের কোথায় কোন কাজ হচ্ছে সেই তথ্য তুলে ধরা হয়েছে।

বেঙ্গলের কামরুল হাসান প্রদর্শনশালায় এই প্রদর্শনীর উদ্বোধন করা হয় শনিবার; যা চলবে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত।

‘বেঙ্গল আর্টস প্রোগ্রাম’ নিবেদিত, সবার জন্য উন্মুক্ত এই প্রদর্শনী রোববার ছাড়া প্রতিদিন বিকেল ৪টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা থাকবে।

প্রদর্শনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ঐতিহাসিক মৃৎপাত্র, যা বিভিন্ন ব্যক্তিগত সংগ্রাহকের কাছ থেকে সংগ্রহ করা হয়েছে।

এ প্রদর্শনীর মধ্য দিয়ে নানা বর্ণ, আকৃতি ও অলংকরণে উজ্জ্বল মৃৎশিল্পের বিপুল বৈচিত্র্য ও শৈল্পিক ব্যঞ্জনা দর্শকের সামনে তুলে ধরা সম্ভব হবে বলে আশা করছেন আয়োজকেরা।

অধ্যাপক নিসার হোসেনের গবেষণা ও নির্দেশনায় প্রদর্শনীটি রূপায়িত হয়েছে। মাঠ পর্যায়ে উপাদান ও তথ্য সংগ্রহ করেছেন ইমরান উজ-জামা, নবরাজ রায় ও টিটু সাহা।

অধ্যাপক নিসার হোসেন বলেন, “মৃৎশিল্পের পেছনের গল্প বা ভাবনা বাদ দিয়ে আমরা শুধু অবজেক্ট নিয়ে থাকি। এই প্রদর্শনীতে আমরা অবজেক্ট এর পেছনের গল্প, প্রসেস ও ভাবনা তুলে ধরার চেষ্টা করেছি।

“তাছাড়া আরও একটি উদ্দেশ্য হচ্ছে মানুষকে জানানো যে এখনো বাংলাদেশে মৃৎশিল্প চর্চা ও সংগ্রহ অনেক বড় পরিসরে হয়ে থাকে।”

বাংলাদেশে মৃৎশিল্পের সুদীর্ঘ ঐতিহ্য রয়েছে মন্তব্য করে নিসার হোসেন বলেন, “তবে এই শিল্প এখন বিপন্ন। বাংলার চিরায়ত ঐতিহ্য ও সংস্কৃতির মূল্যায়ন আজ সময়ের দাবি। প্রযুক্তি ও বিজ্ঞানের নানামুখী উদ্ভাবনের যুগে এতিহ্য-সংস্কৃতি রক্ষায় নবীন প্রজন্মের এগিয়ে আসার বিকল্প নেই। এই প্রদর্শনী কিছুটা হলেও আমাদের শেকড়ের টান অনুভব করাবে বলে আমরা বিশ্বাস করি।”

প্রদর্শনীতে শিল্পাচার্য জয়নুল আবেদিন, ময়নুল আবেদিন, তরুণ ঘোষ, শিশির ভট্টাচার্য্য, সাইদুল হক, নিসার হোসেন, ইমরান উজ-জামান, নবরাজ রায়, টিটু সাহা, সুশান্ত ঘোষ, কারুশিল্প বিভাগ, চারুকলা অনুষদ, ঢাকা বিশ্বিবিদ্যালয়ের বিভিন্ন সংগ্রহ উপস্থাপন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মানবাধিকারকর্মী, সংগ্রাহক ও কারুশিল্প গবেষক ড. হামিদা হোসেন। বিশেষ অতিথি ছিলেন শিল্পাচার্য জয়নুল আবেদিনের কনিষ্ঠ পুত্র ময়নুল আবেদিন এবং বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা।

প্রধান অতিথির বক্তব্যে ড. হামিদা হোসেন বলেন, “পরিবর্তিত সময়ের সাথে স্বাভাবিকভাবেই মৃৎশিল্পের অবজেক্টগুলোও বদলেছে। এই শৈলীর বিবর্তন আপনারা দেখবেন, ভাববেন এটাই আমার প্রত্যাশা।“ 

ময়নুল আবেদিন তার সংগ্রহ সম্পর্কে বলেন, “আমার বাবার মৃৎশিল্প সংগ্রহের সাথে বসবাস করতে করতে আমার মাথায় এই শিল্পের প্রতি ঝোঁক বাড়ে। আমি মনে করি বাংলাদেশের সংস্কৃতির অবিচ্ছেদ্য এই অংশ নিয়ে কাজ করা, নতুন প্রজন্মের কাছে তুলে ধরা শিল্পাঙ্গনের সবার দায়িত্ব।”

জাতীয় কারুশিল্প পরিষদের সভাপতি চন্দ্র শেখর সাহা বলেন, “ফোক আর্টকে দেখতে হবে যিনি সৃষ্টি করেছেন তার চোখ দিয়ে, তাহলেই আসল মর্ম অনুধাবন করা যাবে।”