Published : 17 Jul 2025, 11:25 PM
পদযাত্রা-সমাবেশ ঘিরে হামলার ঘটনায় গোপালগঞ্জে দায়িত্বরত গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা।
বৃহস্পতিবার রাজধানীর বাংলা মোটরে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এ দাবি তুলে ধরেন।
এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের নেতা মোস্তাক আহমেদ শিশির বলেন, “স্বরাষ্ট্র উপদেষ্টা বলেছেন, ঘটনার বিষয়ে তাদের কাছে গোয়েন্দা তথ্য ছিল। কিন্তু পরিস্থিতি এতটা খারাপ হবে সেই তথ্য ছিল না।
“সেজন্য ওই এলাকায় দায়িত্বরত গোয়েন্দা কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত ও ব্যবস্থা নিতে হবে। ভিডিও ফুটেজ দেখে নিষিদ্ধ আওয়ামী সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার করতে হবে। বাকি পদযাত্রায় নিরাপত্তা আরও জোরদার করতে হবে।”
দলটির যুগ্ম সদস্য সচিব নিজাম উদ্দিন বলেন, “জাতীয় নাগরিক পার্টি সফলভাবে ৩২ জেলায় জুলাই পদযাত্রা সম্পন্ন করতে সক্ষম হয়েছে। কিন্তু তার ধারাবাহিকতায় গোপালগঞ্জে যাওয়ার পর গণঅভ্যুত্থানের নায়কদের ওপর অতর্কিত হামলা করে নিষিদ্ধ আওয়ামী লীগ। অনেক আগ থেকেই এনসিপির পদযাত্রাকে বাধাগ্রস্ত করার জন্য আওয়ামী সন্ত্রাসীরা গোপালগঞ্জে জড়ো হচ্ছিল। তারা অস্ত্র, বোমাসহ প্রস্তুতি নিয়েই সমাবেশে হামলা চালিয়েছে।
“তাদের মূল লক্ষ্য ছিল অভ্যুত্থানের অগ্রনায়ক নাহিদ ইসলাম, আখতার হোসেন, হাসনাত আবদুল্লাহ, সারজিস আলমসহ সামনের সারির নেতাদের হত্যা করা। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের চরম দায়িত্ব অবহেলা ফুটে উঠেছে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ কেন্দ্র করে বুধবার হামলা-সংঘর্ষ ও প্রাণহানির মধ্য দিয়ে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ শহরের পৌর পার্ক ও লঞ্চঘাট এলাকা। সংঘর্ষে নিহত হন চারজন। আরও অনেকে গুলিবিদ্ধ হন। হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এনসিপির যুগ্ম সদস্য সচিব এসএম শাহরিয়ার বলেন, ওই ঘটনার প্রতিবাদে শুক্রবার বিকাল ৪টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ-সমাবেশ করবেন তারা। দলটির ঢাকা মহানগরীর নেতাকর্মীরা সেখানে থাকবেন।