‘কৃষক কার্ড’ নিয়ে কাজ করব: সালাউদ্দিন টুকু
“আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে দায়িত্ব দিয়েছেন; আমরা সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করব।”
বিএনপির নির্বাচনি প্রতিশ্রুতি অনুযায়ী শুরুতেই ‘কৃষক কার্ড’ কর্মসূচি নিয়ে কাজ করবেন বলে জানিয়েছেন কৃষি প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।
সচিবালয়ে প্রথম দিন অফিস করতে এসে বুধবার তিনি এ কথা বলেন।
সালাউদ্দিন টুকু বলেন, “বিএনপি—সরকারে আসলে কৃষকদের জন্য কৃষক কার্ড দেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। প্রতিশ্রুতি অনুযায়ী, কৃষক কার্ড বণ্টন নিয়ে কাজ প্রথমেই শুরু করব।
“কৃষক কার্ড নিয়ে কাজ করতে হবে। কৃষক কার্ড কীভাবে বণ্টন শুরু করতে পারি, সেটি নিয়ে কাজ করব।”
কৃষি প্রতিমন্ত্রী বলেন, “আজকে প্রথম অফিস শুরু করতে যাচ্ছি। গণতান্ত্রিক যাত্রা শুরু হয়েছে। আমরা একসঙ্গে কাজ করব।
“আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের যে দায়িত্ব দিয়েছেন; আমরা সততা ও নিষ্ঠার সাথে সেই দায়িত্ব পালন করব। আমি যেসব মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছি, সেসব মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে কাজ শুরু করব।”
