ইতালির প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত
“অদূর ভবিষ্যতে তিনি সফরটি করবেন,” বলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা।
ইউক্রেইনে শান্তি আলোচনা নিয়ে ব্যস্ততার মধ্যে বাংলাদেশসহ এশিয়ার পাঁচ দেশে সরকারি সফর স্থগিত করেছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি।
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা এই তথ্য জানিয়ে বলেছেন, “সফরটি আসলে বাতিল করা হয়নি, বরং স্থগিত করা হয়েছে। অদূর ভবিষ্যতে তিনি সফরটি করবেন।”
৩০ অগাস্ট ঢাকার সফরের মধ্য দিয়ে এশিয়ার পাঁচ দেশ সফর শুরুর কথা ছিল ইতালির প্রধানমন্ত্রীর। পরদিন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তার দ্বিপক্ষীয় বৈঠক হওয়ার কথা ছিল।
বাংলাদেশ সফর শেষে সিঙ্গাপুর, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া এবং জাপান ছিল জর্জিয়া মেলোনির সফর সূচিতে।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলছেন, যুক্তরাষ্ট্রের উদ্যোগে ইউক্রেইন যুদ্ধ নিয়ে চলমান আলোচনায় গুরুত্বপূর্ণ অংশীজন ইতালির প্রধানমন্ত্রী। সেই ব্যস্ততার কারণে তার এশিয়া সফর স্থগিত করা হয়েছে।
স্থগিত এই সফর সুবিধাজনক সময়ে পুনর্নির্ধারণে রোমের সঙ্গে আলোচনা অব্যাহত রাখার কথা বলেছেন তারা।
অন্তর্বর্তীকালীন সরকারের গত এক বছরে ইউরোপের কোনো সরকারপ্রধানের প্রথম কোনো সফর হওয়ায় এটাকে গুরুত্বপূর্ণ হিসাবে ভাবা হচ্ছিল।
এরই মধ্যে সরকারের এক প্রজ্ঞাপনে জর্জিয়া মেলোনিকে আগামী ৩০ ও ৩১ আগস্ট বাংলাদেশ সফরকালীন ‘অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি’ বা ভিভিআইপি হিসেবে ঘোষণা করা হয়েছিল।
