১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

পূজার পর সাঁড়াশি অভিযান: আইজিপি

বিসর্জনের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানান তিনি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2024, 04:23 PM

Updated : 10 Sep 2026, 12:20 PM

ছিনতাই, মাদক, চাঁদাবাজি ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে দুর্গাপূজার পর পুলিশ সাঁড়াশি অভিযান শুরু করবে বলে জানিয়েছেন আইজিপি ময়নুল ইসলাম।

শনিবার বিকালে রাজধানীর রামকৃষ্ণ মঠ ও মিশনে দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন।

ময়নুল ইসলাম বলেন, “সারাদেশে ৩২ হাজারের বেশি মণ্ডপে দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। এ পূজা যেন নির্বিঘ্নে শান্তিপূর্ণভাবে হতে পারে, সেজন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। 

“সারাদেশে পূজামণ্ডপে প্রায় সোয়া দুই লাখ আনসার সদস্য মোতায়েন রয়েছে। তাদের সঙ্গে পুলিশের ৭৫ হাজার সদস্যকে প্রত্যক্ষভাবে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। এছাড়া সারাদেশে সশস্ত্র বাহিনী মোতায়েন আছে।”

আইজিপি বলেন, রোববার বিসর্জনের মধ্য দিয়ে দুর্গাপূজা শেষ হবে। বিসর্জনের জন্যও বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

পুলিশপ্রধান বলেন, “আমাদের জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। আমরা যখনই পূজা সংক্রান্ত যেকোনো সংবাদ পাচ্ছি, তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।” 

পূজাকে কেন্দ্র করে এ পর্যন্ত সারাদেশে ৪৩টি ঘটনা ঘটেছে জানিয়ে তিনি বলেন, “প্রতিটি ঘটনাতেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব ঘটনায় ১৪টি মামলা, ২৯টি জিডি এবং ২৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”

এক প্রশ্নের জবাবে আইজিপি বলেন, “অপরাধী যেই হোক- তাকে আইনের আওতায় আনা হবে। রাজনৈতিক পরিচয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।”