১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধান উপদেষ্টার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ

ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার অংশ হিসেবে ঢাকায় এসেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী।

প্রধান উপদেষ্টার সঙ্গে ইসহাক দারের সাক্ষাৎ
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দারকে জুলাই অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বই উপহার দেন প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস। রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। ছবি: পিআইডি।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2025, 08:52 PM

Updated : 10 Sep 2026, 12:44 PM

প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার।

রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎ হয় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়। তবে আলোচনার বিষয়বস্তু জানানো হয়নি।

সাক্ষাতের সময় ইসহাক দারকে জুলাই অভ্যুত্থানের ওপর শিক্ষার্থীদের আঁকা ‘আর্ট অব ট্রায়াম্ফ’ বই উপহার দেন প্রধান উপদেষ্টা। 

ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার ক্ষমতা গ্রহণের পর পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে ঢাকায় এসেছেন ইসহাক দার।

প্রায় ১৩ বছর পর কোনো পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রীর বাংলাদেশ সফরকে ঘিরে দুই দেশের মধ্যে সরকারি ও কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি এবং আরও পাঁচটি সমঝোতা স্মারক সই হয়েছে।

দুই দেশের বাণিজ্যবিষয়ক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ গঠন, সংস্কৃতি বিনিময়, দুই দেশের ফরেন সার্ভিস একাডেমির মধ্যে সহযোগিতা, দুই দেশের রাষ্ট্রীয় বার্তা সংস্থার (বাসস ও এপিপিসি) মধ্যে সহযোগিতা এবং বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজের (বিআইআইএসএস) সঙ্গে পাকিস্তানের ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ ইসলামাবাদের (আইএসএসআই) সহযোগিতার বিষয়ে হয়েছে সমঝোতা স্মারক।