Published : 03 Nov 2025, 09:07 PM
এমপিওভুক্তির দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার উদ্দেশে পদযাত্রা কর্মসূচি ঘোষণা করেছেন স্বীকৃতি পাওয়া ননএমপিও প্রতিষ্ঠানের শিক্ষকরা।
মঙ্গলবার দুপুরে ‘ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান ঐক্য পরিষদ’ ব্যানারে এ কর্মসূচি পালন করা হবে।
পরিষদের সাংগঠনিক সমন্বয়ক মুনিমুল হক সোমবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা সোমবার এমপিওভুক্তির দাবি নিয়ে আমরা প্রধান উপদেষ্টার দারস্থ হব। দুপুরে পদযাত্রা নিয়ে আমরা তার বাসভবন যমুনার দিকে যাব। এ কর্মসূচিতে সর্বোচ্চ সংখ্যক শিক্ষক উপস্থিত হয়ে বেতন-ভাতার দাবি জানাবেন বলে আশা করছি।”
স্বীকৃতিপ্রাপ্ত সব ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে গত ২৩ ফেব্রুয়ারি থেকে লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছিলেন শিক্ষকরা। ১৭ দিন অবস্থানের পর গত ১২ মার্চ তারা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করেন।
এরপর ওইদিন দুপুরে সংবাদ সম্মেলন করে পরিষদের প্রধান সমন্বয়ক সেলিম মিয়া এমপিওভুক্তির বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় আশ্বাস দিয়েছে তুলে ধরে কর্মসূচি স্থগিত ঘোষণা করেছিলেন। তবে সেই দাবি পূরণ না হওয়ায় রোববার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেছেন তারা।
সোমবার সকালে শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে এসে তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেন জামায়াতে ইসলামীর সিনিয়র নায়েবে আমির মুজিবুর রহমান, দলটির ঢাকা মহানগর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদসহ অন্যরা।
এদিন দুপুরে অবস্থান কর্মসূচি থেকে সচিবালয়ের উদ্দেশে পদযাত্রা শুরু করেন আন্দোলনকারীরা। তবে প্রেস ক্লাবের পাশের সড়ক দিয়ে তারা সচিবালয়ের দিকে যাওয়ার চেষ্টা করলে ওই সড়কের মুখে তাদের আটকে দেয় পুলিশ। সেখানেই ঘণ্টাখানেক অবস্থানের পর শিক্ষকরা আবার জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে অবস্থান নেন।