১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ফেরত না আসা ২০০ জনের তালিকা গুম কমিশনে দিল ইউভিইডি

কমিশনের পক্ষ থেকে প্রচলিত আইনি কাঠামোর আওতায় সব ধরনের ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jul 2025, 07:06 PM

Updated : 26 Aug 2026, 01:21 PM

‘গুম’ থেকে এখনও ফিরে না আসা ২০০ ব্যক্তির তালিকা গুম বিষয়ক তদন্ত কমিশনের কাছে হস্তান্তর করেছে মানবাধিকার সংগঠন ‘ইউনাইটেড ফর দ্য ভিকটিমস অব এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্সেস’ (ইউভিইডি)।

বুধবার রাজধানীর গুলশানে কমিশনের কার্যালয়ে প্রতিষ্ঠানটির মুখ্য আহ্বায়ক সাবেক রাষ্ট্রদূত ও সচিব মারুফ জামানের নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল এ তালিকা তুলে দেন।

বৈঠকে গুম তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী কমিশনের পক্ষ থেকে প্রচলিত আইনি কাঠামোর আওতায় সব ধরনের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

কমিশনের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈঠকে ইউভিইডির পক্ষ থেকে ‘গুম’ থেকে ফিরে না আসা ব্যক্তিদের সন্ধান চেয়ে কমিশনের সহযোগিতা চাওয়া হয়। পাশাপাশি যারা ‘গুম’ হয়ে ফিরে এসেছেন এবং তাদের পরিবারের সদস্যদের রাষ্ট্রীয় সহযোগিতা ও দায়বদ্ধতার বিষয়েও আলোচনা হয়।

আলোচনায় ’গুম’ থেকে ফিরে আসা ব্যক্তিদের জন্য ক্ষতিপূরণ, আর্থসামাজিক পুনর্বাসন এবং ’গুম’ সংক্রান্ত প্রতিটি ঘটনার সুষ্ঠু বিচার নিশ্চিত করার প্রয়োজনীয়তার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এছাড়া ’গুম’ প্রতিরোধে কার্যকর আইন প্রণয়ন এবং তার যথাযথ প্রয়োগ নিয়েও আলোচনা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়।

বৈঠকে কমিশনের সদস্য মো. নুর খান, মো. সাজ্জাদ হোসেন ও নাবিলা ইদ্রিস উপস্থিত ছিলেন।