১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

গভর্নর পদে মোস্তাকুরের নিয়োগ চ্যালেঞ্জ করে রিট আবেদন হাই কোর্টে সরাসরি খারিজ

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আহসান এইচ মনসুরকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর নিয়োগ করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

Published : 07 Sep 2026, 12:37 AM

Updated : 17 Sep 2026, 02:55 AM

অর্থনীতিবিদ আহসান এইচ মনসুরকে সরিয়ে মো. মোস্তাকুর রহমানকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে দায়ের করা রিট আবেদন সরাসরি খারিজ করে দিয়েছে হাই কোর্ট।

রোববার বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি এ এফ এম সাইফুল করিমের বেঞ্চ এ আদেশ দেয়।

এর ফলে বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানের দায়িত্ব পালনে আর কোনো আইনি বাধা থাকল না বলেছেন সংশ্লিষ্ট আইনজীবী। 

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সানী আবদুল হক। 

রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মাহফুজ বিন ইউসুফ ও আখতার হোসেন মো. আবদুল ওয়াহাব। 

আইনজীবী ওয়াহাব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন গভর্নরের নিয়োগ চ্যালেঞ্জ করে যে রিট আবেদনটি করা হয়েছিল, কোর্ট তাতে সন্তুষ্ট না হওয়ায় তা সরাসরি খারিজ করে দিয়েছেন। কাজেই উনি (মোস্তাকুর রহমান) ওনার স্বপদে বহাল থাকবেন, এতে কোনো বাধা নেই।”

গত ৫ মার্চ সুপ্রিম কোর্টের আইনজীবী আবদুল্লাহ আল মামুন এ রিট আবেদন দায়ের করেন।

রিট আবেদনে আহসান মনসুরকে গভর্নর পদ থেকে অপসারণ এবং মোস্তাকুর রহমানকে নতুন গভর্নর হিসেবে নিয়োগ দিয়ে জারি করা পৃথক প্রজ্ঞাপন কেন বেআইনি ও আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না—সে বিষয়ে রুল চাওয়া হয়েছিল। 

পাশাপাশি রুল বিচারাধীন থাকা অবস্থায় প্রজ্ঞাপনের কার্যক্রম স্থগিত চাওয়া হয়।

অর্থ বিভাগের সচিব ও বাংলাদেশ ব্যাংকের গভর্নরকে রিট আবেদনে বিবাদী করা হয়।

গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে নতুন গভর্নর হিসেবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সাবেক কর্মকর্তা আহসান এইচ মনসুরকে বেছে নেওয়া হয়।

ত্রয়োদশ সংসদ নির্বাচনে বিএনপির নতুন সরকার ক্ষমতায় আসার পর গত ২৫ ফেব্রুয়ারি অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে জারি করা একটি প্রজ্ঞাপনে আহসান মনসুরের নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিল করা হয়। 

একই দিন আরেকটি প্রজ্ঞাপনে পোশাক ব্যবসায়ী মোস্তাকুর রহমানকে অন্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর পদে নিয়োগ দেওয়া হয়।