১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ‘সন্তোষ’ ঢাকা-আঙ্কারার

সব ক্ষেত্রে সম্পৃক্ততা আরও বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছে উভয়পক্ষ।

অর্থনৈতিক ও প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ‘সন্তোষ’ ঢাকা-আঙ্কারার
সৌদি আরবের জেদ্দায় বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার বৈঠক হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Aug 2026, 11:45 PM

Updated : 11 Sep 2026, 03:54 PM

মক্কা প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে অর্থনৈতিক ও দ্বিপক্ষীয় প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে ‘সন্তোষ’ প্রকাশ করেছে ঢাকা ও আঙ্কারা।

সৌদি আরবের জেদ্দায় বৃহস্পতিবার বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির ও তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রী মুসা কুলাকলিকায়ার সঙ্গে এ বিষয়ে আলোচনা হয়েছে।

তাদের আলোচনার বিভিন্ন দিক তুলে ধরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “দ্বিপক্ষীয় সম্পর্কের আলোচনায় অর্থনীতি ও প্রতিরক্ষাসহ বিভিন্ন খাতে বিদ্যমান সহযোগিতা নিয়ে উভয়পক্ষ সন্তোষ প্রকাশ করেছে।

“বিস্তৃত সব ক্ষেত্রে সম্পৃক্ততা আরও বাড়ানো এবং দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নেওয়ার বিষয়ে অভিন্ন আগ্রহের কথা বলেছেন তারা।”

সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মধ্যে সই হওয়া মক্কা যৌথ প্রতিরক্ষা জোটে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে আলোচনার মধ্যে ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দিতে জেদ্দা গেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন।

একই দিন সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল-সাউদের সঙ্গে বৈঠকেও প্রতিরক্ষা সহযোগিতা ও আঞ্চলিক বিষয়াবলি নিয়ে প্রতিমন্ত্রীর ‘ইতিবাচক আলোচনা’ হওয়ার কথাও বলেছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

গত ৭ অগাস্ট মক্কায় এ যৌথ প্রতিরক্ষা চুক্তিতে সই করে তিন দেশ। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ও সামরিক উত্তেজনার মধ্যে তিন দেশের নিরাপত্তা সহযোগিতা আরও শক্তিশালী করা এর লক্ষ্য।

চুক্তির একটি বিষয় হল, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলাকে সবার ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে। অর্থাৎ কোনো সদস্য দেশ আক্রান্ত হলে অন্য সদস্যদেরও সম্মিলিত প্রতিরক্ষার আওতায় আসার কথা রয়েছে।

চুক্তিতে প্রতিরক্ষা সহযোগিতার পাশাপাশি রাজনৈতিক ও সামরিক সমন্বয়, যৌথ সামরিক মহড়া এবং প্রতিরক্ষা শিল্পে সহযোগিতা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে।

এর মধ্যে ২৪ অগাস্ট প্রধানমন্ত্রীর তৎকালীন পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছিলেন, মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে অংশগ্রহণের বিষয়ে বাংলাদেশ আগ্রহ প্রকাশ করেছে।

বর্তমানে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দাযিত্ব আসা হুমায়ুন তখন বলেছিলেন, বাংলাদেশের নেতৃত্বকে, বিশেষ করে প্রধানমন্ত্রী তারেক রহমানকে, ওই জোটের সঙ্গে থাকার জন্য বিভিন্ন জায়গায় আমন্ত্রণ জানানো হচ্ছে তাদের সঙ্গে থাকার জন্য।

মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের যোগদান করা ঠিক হবে কি-না সে নিয়ে আলোচনা চলছে।

সংসদে এক প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বলেছেন, সদস্য দেশগুলোর কাছ থেকে বাংলাদেশকে যুক্ত করার প্রস্তাব এলে সরকার তা ‘ইতিবাচকভাবে’ বিবেচনা করবে।

তবে এখন পর্যন্ত বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে প্রস্তাব না আসার কথাও বলেছেন পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রতিমন্ত্রীর বৈঠকে উভয়পক্ষ আঞ্চলিক পরিস্থিতি নিয়ে মতবিনিয়ের পাশাপাশি পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে নিবিড়ভাবে কাজ করা বিষয়ে প্রস্তুত থাকার কথাও বলেছে।

তুর্কি উপমন্ত্রীকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জানিয়েছেন, আসন্ন জলবায়ু সম্মেলনে (কপ) অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।