Published : 31 Mar 2026, 11:51 AM
পোশাক শিল্পসহ বিভিন্ন খাতে দক্ষিণ কোরিয়ার আরও বিনিয়োগ চেয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
তিনি বলেছেন, বাংলাদেশ বিদেশি বিনিয়োগকারীদের জন্য আকর্ষণীয় ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করছে।
ক্যামেরুনের ইয়াউন্দেতে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) চতুর্দশতম মন্ত্রী পর্যায়ের সম্মেলনের ফাঁকে রোববার অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বৈঠকে তিনি এ কথা বলেন।
বাসস লিখেছে, বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের নেতৃত্বে প্রতিনিধি দলে ছিলেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা। আর দক্ষিণ কোরিয়ার প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দেশটির বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী মুক্তাদির বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে একটি অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে বাংলাদেশে নতুন সরকার গঠিত হয়েছে, যা প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে পরিচালিত হচ্ছে।
নতুন সরকারের ‘দূরদর্শী’ বাণিজ্যনীতি, বাজার বহুমুখীকরণ কৌশল, নতুন রপ্তানি বাজার অনুসন্ধান এবং এলডিসি উত্তরণের প্রেক্ষাপটে বিভিন্ন দেশের সঙ্গে এফটিএ ও ইএফএ আলোচনা চলমান থাকার কথা তুলে ধরেন তিনি।
খন্দকার আব্দুল মুক্তাদির জানান, বাংলাদেশ ইতোমধ্যে জাপানের সঙ্গে অর্থনৈতিক অংশীদারত্ব চুক্তি (ইএফএ) সম্পন্ন করেছে এবং কোরিয়া, সিঙ্গাপুরসহ একাধিক দেশের সঙ্গে এফটিএ ও ইএফএ নিয়ে আলোচনা করছে।
তিনি বলেন, “বাংলাদেশের ভৌগোলিক সুবিধা ও বৃহৎ ভোক্তা বাজারকে কাজে লাগিয়ে রিজিওনাল কমপ্রিহেনসিভ ইকনোমিক পার্টনারশিপে (আরসিইপি) যোগদানের বিষয়ে বাংলাদেশ আগ্রহী, যা উভয় দেশের জন্যই লাভজনক হবে।”
দক্ষিণ কোরিয়ার বাণিজ্যমন্ত্রী ইয়ো হান কু শিগগিরই বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। সেই সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তি সংক্রান্ত চলমান এফটিএ আলোচনা এগিয়ে নেওয়ার কথা বলেন।
তার ভাষ্য, জাপানের সঙ্গে বাংলাদেশের সম্পাদিত ইএফএ চলমান আলোচনার ক্ষেত্রে একটি কার্যকর মডেল হিসেবে বিবেচিত হতে পারে।
সম্ভাবনার তুলনায় দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ এখনো কম মন্তব্য করে কোরীয় বাণিজ্যমন্ত্রী বলেন, জাহাজ নির্মাণ, ইস্পাত, উৎপাদন ও বিনিয়োগসহ বিভিন্ন খাতে সহযোগিতা বাড়ানো হলে বাণিজ্য প্রবাহ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
বাংলাদেশের রপ্তানিমুখী শিল্পে বিনিয়োগ সম্প্রসারণে তার দেশের আগ্রহের কথা জানান ইয়ো হান কু।