Published : 30 Aug 2026, 02:40 PM
ঢাকার হাজারীবাগ টালি অফিস এলাকায় একটি বহুতল আবাসিক ভবনের লিফটের ফাঁকা জায়গায় পড়ে গিয়ে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।
নিহত ৭৩ বছর বয়সী সুভাষ চন্দ্র পাল ধানমন্ডি গভর্নমেন্ট বয়েজ হাই স্কুলের সাবেক শিক্ষক।
টালি অফিস মোড় সুলতানগঞ্জের ২৫৫/২ নম্বর বাড়িতে রোববার সকাল ৭টার দিকে এই ঘটনা ঘটে।
পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিয়ে যাওয়ার পর চিকিৎসক সুভাষ চন্দ্র পালকে মৃত ঘোষণা করেন বলে হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক।
তিনি বলেন, "লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।"
সুভাষ চন্দ্রের ছেলে কৃষ্ণ গোপাল পাল বলেছেন, বাড়িটির সাত তলায় তাদের নিজেদের ফ্ল্যাট। ভবনটির নির্মাণকাজ পুরোপুরি শেষ হয়নি। তার আগেই বিভিন্ন ফ্ল্যাটে বাসিন্দারা উঠে পড়েছেন।
"প্রতিদিন সকালে বাবা বাইরে হাঁটাহাঁটি করতে যেতেন। আজ সকালে বাড়ির নির্মাণ শ্রমিকদের মাধ্যমে খবর পাই, বাবা লিফটের ফাঁকা জায়গায় পড়ে গেছেন।”
ওই শ্রমিকরাই সুভাষ চন্দ্রকে ফাঁকা জায়াগা থেকে তুলে আনে বলে জানিয়েছেন কৃষ্ণ গোপাল পাল।