১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

হাই কোর্ট মাজারের ‘ওরশ বন্ধের’ প্রতিবাদ সম্প্রীতি যাত্রার

মাজারে আসা ভক্তদের বৃহস্পতিবার মারধরের ঘটনাও ঘটেছে, অভিযোগ করেছেন প্রতিবাদকারীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2026, 10:11 PM

Updated : 26 Aug 2026, 05:32 PM

ঢাকার হাই কোর্ট সংলগ্ন শাহ খাজা শরফুদ্দিন চিশতীর মাজারে বার্ষিক ওরশ ‘বন্ধ’ করে দেওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে নাগরিক প্ল্যাটফর্ম ‘সম্প্রীতি যাত্রা’।

শনিবার হাই কোর্ট মাজারের সামনে এই মানববন্ধন কর্মসূচি থেকে পুলিশের বাধার পাশাপাশি মারধরের অভিযোগ করা হয়েছে।

শুক্রবার হাই কোর্ট সংলগ্ন শাহ খাজা শরফুদ্দিন চিশতীর মাজারে বার্ষিক ওরশের কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে বলে অভিযোগ করেন ভক্তরা।

ভক্তদের মাজারের মূল প্রাঙ্গণ থেকে বের করে দেওয়া হয় এবং রীতি অনুযায়ী মোমবাতি জ্বালিয়ে শান্তিপূর্ণভাবে বিদায় নেওয়ার সুযোগও দেওয়া হয়নি।

এ ছাড়া বৃহস্পতিবার ভক্তদের মারধরের ঘটনাও ঘটেছে বলে মানববন্ধন থেকে অভিযোগ করা হয়।

মানববন্ধনে সাংবাদিক মাহাথির মোহাম্মদ বলেন, “হাই কোর্ট মাজারের যিনি পীর, অলী-এ-বাংলা খ্যাত খাজা শরফুদ্দিন চিশতী ইন্তেকাল করেছেন ১৩৪০ খ্রিস্টাব্দে—অর্থাৎ ঢাকা শহর সৃষ্টিরও প্রায় ৩০০ বছর আগে। গত ৭০০ বছরে যা কখনো হয়নি, তা গতকাল থেকে ঘটেছে। 

“মুঘল, পাঠান, সুলতানি, ব্রিটিশ, পাকিস্তান আমল পেরিয়ে স্বাধীন বাংলাদেশের সব সময়েই যেভাবে ভক্তরা এসেছেন, সেভাবেই এবারও তারা এসেছিলেন। কিন্তু ইতিহাসে প্রথমবার হাই কোর্ট মাজারের ওরশ হতে দেওয়া হয়নি।”

রাজনৈতিককর্মী বাকী বিল্লাহ বলেন, “এই মাজারের ভক্তদের সঙ্গে যা হয়েছে, তা স্পষ্টতই জুলুম। শতাব্দীপ্রাচীন একটি সুফি মাজারে শান্তিপূর্ণ ওরশের আনুষ্ঠানিকতা শেষ করতে না দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। 

“আমরা অবিলম্বে ভক্তদের ওরশের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার অনুমতি দেওয়ার দাবি জানাচ্ছি।”

কর্মসূচিতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কবি রহমান মুফিজ, হাসনাত শোয়েব এবং চলচ্চিত্রকার রাফসান আহমেদ।