১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

ঢাকায় ৬ ঘণ্টায় ১৩২ মিলিমিটার বৃষ্টি

জলাবদ্ধতা হতে পারে বলে সতর্ক করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Oct 2025, 11:10 AM

Updated : 26 Aug 2026, 02:23 PM

ঢাকায় ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২০৩ মিলিমিটিার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।

এরমধ্যে মঙ্গলবার রাত ১২টা থেকে বুধবার ভোর ৬টা পর্যন্ত ১৩২ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা এই সময়ের মধ্যে সর্বোচ্চ।

আগামী চারদিন এমন ভারি বর্ষণ হতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদ কাজী জেবুন্নেসা। এছাড়া জলাবদ্ধতা নিয়ে সতর্ক করে কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়ারও তাগিদ দিয়েছেন তিনি। 

কেবল রাজধানী নয়, মঙ্গলবার মধ্যরাত থেকে দেশের বিভিন্ন স্থানে ভারি বর্ষণ হয়েছে। 

রাতভর বৃষ্টিতে ঢাকার অনেক সড়কে পানি জমে গেছে। বুধবার সকাল থেকেও রাজধানীতে থেমে থেমে বৃষ্টি ঝরছে। এতে চলাচলে সমস্যা হচ্ছে পথে বের হওয়া মানুষদের। 

কাজী জেবুন্নেসা বলেন, লঘুচাপের পাশাপাশি মৌসুমি বায়ু সক্রিয় থাকায় এ বৃষ্টিপাত অব্যাহত রয়েছে।

“আগামী ৪ অক্টোবর পর্যন্ত এমন প্রবণতা থাকবে। ঢাকায় জলজটের শঙ্কা আরও বাড়বে।”

জলাবদ্ধতা থেকে দুর্ভোগ কমাতে আগামী ২৪ ঘণ্টা কার্যকর ব্যবস্থা নেওয়ারও পরামর্শ দিয়েছেন এ আবহাওয়াবিদ।

তিনি বলেন, “আগামীকাল থেকে মৌসুমি বায়ুর প্রভাবের বৃষ্টির প্রভাব শুরু হবে। ৪ তারিখ পর্যন্ত চলবে। আগামীকাল বৃষ্টি বাড়বে, ঢাকায় ভারি বর্ষণের সতর্কতা দিচ্ছি। জলাবদ্ধতার সতর্কতা জানিয়ে দিচ্ছি, কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে হবে।”

ঢাকার পাশাপাশি আট বিভাগেও ভারি বর্ষণের আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এছাড়া চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলছে আবহাওয়া অধিদপ্তর।

আরও পড়ুন

লঘুচাপের আভাসপ্লাবিত হতে পারে বিভিন্ন এলাকার নিমাঞ্চল