০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩

বর্জ্য থেকে বিদ্যুৎ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প এগিয়ে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর

“নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্টদের প্রকল্প দুটির বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।”

বর্জ্য থেকে বিদ্যুৎ: আমিনবাজার ও মাতুয়াইল প্রকল্প এগিয়ে নেওয়ার তাগিদ প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী তারেক রহমান রোববার সচিবালয়ে ঢাকা সিটির বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের সম্ভাব্যতা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন। ছবি: পিআইডি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2026, 05:33 PM

Updated : 19 Sep 2026, 02:25 PM

ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনের দুটি প্রকল্প দ্রুত এগিয়ে নেওয়ার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রোববার তিনি সচিবালয়ে এসব প্রকল্প নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে বৈঠক করেন বলে তার উপ প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা জানান। 

তিনি বলেন, “প্রধানমন্ত্রী গাবতলীর আমিনবাজার এবং মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা থেকে বিদ্যুৎ উৎপাদন করার প্রকল্প নিয়ে বৈঠক করেছেন। প্রকল্প দুটি দ্রুত এগিয়ে নিতে স্থানীয় সরকার, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় এবং পরিবেশ মন্ত্রণালয়ের মধ্যে একটি আন্তঃমন্ত্রণালয় বৈঠক করার নির্দেশ দিয়েছেন। নির্ধারিত সময়সীমার মধ্যে সংশ্লিষ্টদের প্রকল্প দুটির বাস্তবায়ন নিশ্চিত করতে বলেছেন প্রধানমন্ত্রী।” 

বৈঠকে সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রকল্প দুটির বিভিন্ন দিক প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন বলে জানান সুজাউদ্দৌলা।

বৈঠকে বলা হয়, চীনের সিএমইসি গ্রুপ আমিনবাজারে বর্জ্যভিত্তিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পে বিনিয়োগ করবে। এ প্রকল্প থেকে প্রতিদিন ঢাকা শহরের প্রায় তিন হাজার টন বর্জ্য ব্যবহার করে ৪২.৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করবে। 

প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিআইডি

প্রধানমন্ত্রী তারেক রহমান

২০২৮ সালের অগাস্টের মধ্যে প্রকল্পটি থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে। এ প্রকল্পের মাধ্যমে ২৫ বছর বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হবে।

অন্যদিকে মাতুয়াইলে বর্জ্য ব্যবস্থাপনা ও বিদ্যুৎ উৎপাদন প্রকল্প বাস্তবায়ন করবে কোরিয়ার বি এন্ড এফ কোম্পানি। প্রকল্পটিতে বছরে বর্জ্য থেকে প্রায় ১৫ হাজার টন মিথেন গ্যাস উৎপাদিত হবে; যা থেকে বছরে মোট প্রায় ৮১,০০০ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব। এটি দৈনিক প্রায় ২২১ মেগাওয়াট-ঘণ্টা বিদ্যুৎ উৎপাদনের সমতুল্য। 

এ প্রকল্প থেকে সৌরবিদ্যুৎ, সার, পশুখাদ্য এবং পরিবেশবান্ধব ইকো ব্রিকস উৎপাদন করা হবে বলেও বৈঠকে জানানো হয়।

স্থানীয় সরকার মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৈঠকে উপস্থিত ছিলেন।