Published : 12 Jul 2026, 10:11 PM
বিদেশে উচ্চশিক্ষার নামে শিক্ষার্থীদের সঙ্গে প্রতারণার অভিযোগে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের চেয়ারম্যান খায়রুল বাশার বাহারের প্রায় ৩৩ কোটি টাকার সম্পদ জব্দ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ-সিআইডি।
সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের আবেদনের প্রেক্ষিতে আদালত এই সম্পত্তি জব্দের আদেশ দেয় বলে রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সংস্থাটি।
সিআইডি বলছে, খায়রুল বাশার বাহার ও তার সহযোগীরা পারস্পরিক যোগসাজশে সাধারণ শিক্ষার্থীদেরকে উচ্চ শিক্ষার জন্য যুক্তরাষ্ট্র, কানাডাসহ বিভিন্ন দেশে পাঠানোর বিজ্ঞাপন দিয়ে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। যার প্রেক্ষিতে গত বছরের ৪ মে বাশার ও তার সহযোগীদের বিরুদ্ধে গুলশান থানায় মামলা করে সিআইডি। একই বছরের ১৪ জুলাই বাশারকে ধানমন্ডি থেকে গ্রেপ্তার করা হয়।
মামলার বিবরণ অনুযায়ী, বাশার, তার প্রথম স্ত্রী খন্দকার সেলিমা রওশন ও ছেলে আরশ ইবনে বাশার ‘চটকদার’ বিজ্ঞাপনের ফাঁদে ফেলে সাধারণ ছাত্রছাত্রীর কাছ থেকে বিপুল অর্থ হাতিয়ে নিয়েছেন। উচ্চশিক্ষার জন্য ১৪১ শিক্ষার্থীকে বিদেশ পাঠানোর কথা বলে তারা ১৮ কোটি ২৯ লাখ ৫৭ হাজার ৬৮০ টাকা লোপাট করেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে বাসার তার প্রথম স্ত্রীর নামে ভাটারা এলাকায় ১টি ফ্ল্যাট, দ্বিতীয় স্ত্রী কানিজ ফাতেমার নামে শেলটেক বিথীকা প্রকল্পে একটি ফ্ল্যাট ও নিজ নামে রাজাবাজার এলাকায় দুটি ফ্ল্যাট এবং আজিজ সড়কে ২টি বাড়িসহ তার নিজ নামে ও প্রতিষ্ঠানের নামে মোট ৩৪৮২.৫ শতাংশ জমি কেনেন। এসব সম্পত্তির দলিল মূল্য প্রায় ৩৩ কোটি টাকা। আদালতের আদেশের প্রেক্ষিতে এসব সম্পদ জব্দ করা হয়েছে।
মামলাটির তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে এবং অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তির নামে দেশের বিভিন্ন স্থানে স্থাবর-অস্থাবর সম্পত্তির সন্ধান করা হচ্ছে বলেও তথ্য দেয় সিআইডি।
এর আগে গত বছরের ৩০ সেপ্টেম্বর ও ১৬ অক্টোবর পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে সিআইডি দুই দফায় বাশারের ৪৪ কোটি টাকার সম্পদ জব্দের কথা বলেছিল।
সে সময় সিআইডি বলে, প্রতারণার অর্থ দিয়ে খায়রুল বাশার ১২২ দশমিক ৪৫ শতাংশ জমি কিনেছেন, যার বর্তমান মূল্য প্রায় ৪২ কোটি ৮৫ লাখ টাকা। সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত তার নামে থাকা এসব স্থাবর সম্পত্তি জব্দের আদেশ দিয়েছিল।
১৬ অক্টোবরের বিজ্ঞপ্তিতে প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে কেনা খায়রুল বাশারের আরো ৩টি ফ্ল্যাট জব্দের কথা বলা হয়; যার বর্তমান বাজার মূল্য প্রায় ৪ কোটি টাকা।
বিএসবি গ্লোবালের বাশারকে আদালত প্রাঙ্গণে কিল-ঘুষি-লাথি, ডিম নিক্ষেপ