Published : 24 Feb 2026, 01:20 PM
বিগত শেখ হাসিনার সরকারের সময় হওয়া ‘রাজনৈতিক’ মামলা প্রত্যাহার শুরুর পর দ্বিতীয় দফায় ১ হাজার ২০২টি মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়েছে।
তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ নিয়ে মোট ২ হাজার ৮টি মামলা প্রত্যাহার করা হল।
স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্ধৃত করে মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় বলা হয়, "বিগত ফ্যাসিস্ট সরকারের আমলের ১৭ বছর যাবৎ বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক হয়রানিমূলক আরো ১২০২টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়া হয়েছে।"
এর আগে গত ২২ ফেব্রুয়ারি একইরকম আরেক বার্তায় ‘রাজনৈতিক হয়রানিমূলক’ ১ হাজার ৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন দেওয়ার কথা জানানো হয়েছিল।
জুলাই অভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর ওই সরকারের সময়কার ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশের বিষয়টি গেল ৮ ফেব্রুয়ারি জানায় আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়।
এসব মামলার বেশির ভাগই হয়েছে বিএনপি, বাংলাদেশ জামায়াতে ইসলামী, হেফাজতে ইসলাম ও গণঅধিকার পরিষদসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীর বিরুদ্ধে।
মন্ত্রণালয় বলেছে, এর ফলে প্রায় পাঁচ লাখ মানুষ আওয়ামী সরকারের ‘হয়রানিমূলক’ মামলা থেকে অব্যাহতি পাচ্ছেন।
মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০০৯ সালের ৬ জানুয়ারি থেকে ২০২৪ সালের ৫ অগাস্ট পর্যন্ত সময়ে দায়ের হওয়া এসব মামলা প্রত্যাহারের লক্ষ্যে অন্তর্বর্তী সরকার গত বছরের ২২ সেপ্টেম্বর দুটি কমিটি করে।
এর মধ্যে জেলা প্রশাসকের নেতৃত্বে হয় জেলা কমিটি; আইন মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুলের নেতৃত্বে করা হয় আন্তঃমন্ত্রণালয় কমিটি ।
পরবর্তী সময়ে রাজনৈতিক দলগুলোর কাছ থেকে আবেদন চাওয়া হয়। ভুক্তভোগী দলগুলোর আবেদনের পরিপ্রেক্ষিতে আন্তঃমন্ত্রণালয় কমিটি বিভিন্ন সময়ে ৩৯টি সভার মাধ্যমে এসব আবেদন পরীক্ষা-নিরীক্ষা করে ২৩ হাজার ৮৬৫টি মামলা প্রত্যাহারের সুপারিশ করে।
মন্ত্রণালয় বলেছে, রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের এই কার্যক্রম চলমান রয়েছে।
আগের খবর