Published : 06 Nov 2025, 01:22 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ভোটকেন্দ্র চূড়ান্ত হওয়ার পর এবার সিসি ক্যামেরা ও জরাজীর্ণ ভবনের হালনাগাদ তথ্য চেয়েছে নির্বাচন কমিশন।
আঞ্চলিক নির্বাচন কর্মকর্তাদের এক সপ্তাহের মধ্যে ইসি সচিবালয়ে এসব তথ্য পাঠাতে বলা হয়েছে।
শীর্ষ কর্মকর্তাদের নিয়ে আইন-শৃঙ্খলা বৈঠক এবং আন্তঃমন্ত্রণালয় সভার পর এসব তথ্য নেওয়া হচ্ছে।
ফেব্রুয়ারির নির্বাচন সামনে রেখে আগামী মাসে তফসিল ঘোষণার কথা রয়েছে ইসির। এ নির্বাচনে প্রায় ৪৩ হাজার ভোটকেন্দ্র থাকবে।
সিসি ক্যামেরা রয়েছে এমন ভোটকেন্দ্রগুলোর একটি বিস্তারিত তালিকা ইসিতে পাঠাতে জেলা নির্বাচন অফিসারদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ বিষয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠি বৃহস্পতিবার মাঠ কর্মকর্তাদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, ভোটকেন্দ্রে ব্যবহৃত সিসি ক্যামেরার ধরণ ও সক্রিয় রয়েছে কিনা তা জানিয়ে আগামী ১২ নভেম্বরের মধ্যে এই তালিকা সংশ্লিষ্ট আঞ্চলিক নির্বাচন কর্মকর্তার মাধ্যমে 'নির্বাচন সহায়তা-১ শাখায় পাঠাতে হবে।
ভোট কেন্দ্র হিসেবে ব্যবহৃত জরাজীর্ণ স্থাপনার সংস্কার বা মেরামতের জন্যও তথ্য চেয়েছে ইসি।
বুধবার ইসির সিনিয়র সহকারী সচিব মো. নাসির উদ্দিন চৌধুরী স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, নির্ধারিত ভোটকেন্দ্রের মধ্যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই, দরজা-জানালা জরাজীর্ণ অবস্থায় রয়েছে অথবা ছোট-খাট মেরামত/সংস্কার প্রয়োজন, সেসব ভোটকেন্দ্রের তালিকা ১২ নভেম্বর এর মধ্যে পাঠাতে হবে।
ভোটকেন্দ্র সংস্কারে ১১১ কোটি টাকা চায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর
ভোটের নিরাপত্তায় কেনা হচ্ছে ৪০ হাজার বডিক্যাম