Published : 19 Jan 2025, 08:45 PM
ডাকাতির ঘটনা অনুসন্ধানে ‘গড়িমসি’ করার অভিযোগে গুলশান থানার ওসি তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
রোববার পুলিশের গুলশান বিভাগের উপ-কমিশনার তারেক মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “একটি ডাকাতির ঘটনা অনুসন্ধান করতে ‘ডিলে’ করায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে।”
তৌহিদ আহম্মেদকে সাময়িক বরখাস্তের পর গুলশান থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে কদমতলী থানার ওসি মাহমুদুর রহমানকে।
এ ঘটনায় বক্তব্য জানতে তৌহিদ আহম্মেদের সঙ্গে ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার সাড়া পাওয়া যায়নি।
ডাকাতির অভিযোগ সম্পর্কে নাম প্রকাশ না করে গুলশান বিভাগের একজন পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি গুলশান অ্যাভিনিউর ২৯ নম্বর সড়কে একজন ধনাঢ্য ব্যবসায়ীর বাসায় যৌথ বাহিনীর পরিচয়ে ডাকাতি হয়।
ব্যবসায়ীর বরাতে ওই কর্মকর্তা বলেন, ডাকাতরা নগদ ৪৬ লাখ টাকা, ৬০ ভরি সোনার গহনাসহ অনেক জিনিসপত্র নিয়ে যায়। ঘটনার পর ওই ব্যবসায়ী থানায় গিয়ে কয়েকদিন ঘুরেও মামলা করতে পারেননি। পরে তিনি ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানালে গুলশান থানার ওসিকে সাময়িক বরখাস্ত করা হয়।