Published : 22 Feb 2025, 08:49 PM
কবি আল মাহমুদকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ায় বার্ষিক সাধারণ সভা করেছে সাহিত্য একাডেমি।
শনিবার জেলার শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজন সংগঠনের নবীন-প্রবীণ সদস্যদের মিলনমেলায় পরিণত হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে সংগঠনটি।
চার দশকের পুরনো এ সংগঠনের সভায় সর্বসম্মতক্রমে বজলুর রহমান ও ওয়াসেল সিদ্দিকীকে উপদেষ্টা হিসেবে মনোনীত করা হয়।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক নুরুল আমিন। সভায় কবি আল মাহমুদের সংক্ষিপ্ত জীবনবৃত্তান্ত পাঠ করেন আবৃত্তিশিল্পী নুসরাত জাহান বুশরা।
কবি ও গবেষক জয়দুল হোসেন বলেন, “আল মাহমুদ কবিতায় এক অনন্য কণ্ঠস্বর। তার কবিতা বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেছে। ব্রাহ্মণবাড়িয়ায় জন্ম নেওয়া এই সাহিত্যিক তার লেখায় তুলে ধরেছেন তিতাস নদীর কথা। সোনালী কাবিনের বাঁকে বাঁকে তিনি রেখে গেছেন সাহিত্যবোধের অনন্য নজির।
“আল মাহমুদ ব্যক্তি পরিচয়কে ছাপিয়ে এক অনন্য সাহিত্যিক পরিচয় স্থাপন করে গেছেন, যা তাকে বাংলা সাহিত্যে অমর করে রাখবে। তিতাস বিধৌত ব্রাহ্মণবাড়িয়ার শিল্প-সাহিত্য ও সংস্কৃতিকে তিনি অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছেন।”