Published : 29 Jun 2025, 06:23 PM
মধ্যপ্রাচ্যের যুদ্ধবিগ্রহে জ্বালানি তেলের দাম বাড়ার শঙ্কা থাকলেও জুলাই মাসে পেট্রল, অকটেন, ডিজেল ও কেরোসিনের দাম অপরিবর্তিত রেখেছে অন্তর্বর্তী সরকার।
রোববার জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাইয়ে ভোক্তা পর্যায়ে ডিজেলের বিক্রয়মূল্য প্রতিলিটার ১০২ টাকা, কেরোসিন ১১৪ টাকা, অকটেন ১২২ টাকা এবং পেট্রোল ১১৮ টাকায় অপরিবর্তিত রেখে দাম নির্ধারণ করা হয়েছে।
চলতি জুন মাসের জন্য প্রতিলিটার কেরোসিনের দাম ১০ টাকা বাড়িয়ে দেয় সরকার। তবে ডিজেলে লিটারপ্রতি ২ টাকা এবং পেট্রোল-অকটেনে ৩ টাকা করে কমানো হয়।
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম নিয়মিত ওঠানামা করলেও বাংলাদেশে দামের পরিবর্তন হত সরকারের সিদ্ধান্তে দীর্ঘ সময় পর পর। তাতে কখনও ভোক্তা, আবার কখনও সরকারি সংস্থা বিপিসি লোকসানের মুখে পড়ত।
এমন প্রেক্ষাপটে গত বছরের মার্চ থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে প্রতি মাসে ভোক্তাপর্যায়ে জ্বালানি তেলের মূল্য নির্ধারণ করছে সরকার।
বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য কমা ও বেড়ে যাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে এ মূল্য নির্ধারণ করা হয়।
ইরান-ইসরায়েল যুদ্ধ ঘিরে বিশ্ববাজারে তেলের দাম কিছুটা ঊর্ধ্বমুখী থাকলেও তার প্রভাব থেকে জুলাই মাসেও মুক্ত থাকবে দেশের বাজার।
তবে মাসের শেষদিকে এসে ঢাকার বেশ কিছু পাম্পে জ্বালানির তেলের সংকটের তথ্য পাওয়া যায়।
জুলাইয়ে দাম বেড়ে যেতে পারে, এমন আশঙ্কায় অনেকে আগে থেকে বেশি জ্বালানি সংগ্রহ করায় এমন পরিস্থিতি তৈরি হয় বলে ধারণা সংশ্লিষ্টদের।
মহাখালী ইউরেকা ফিলিং স্টেশনের বিক্রয়কর্মীরা বলেন, শুক্র-শনিবার ডিলার পর্যায় থেকে তেল সংগ্রহ বন্ধ থাকে। এ কারণে আগের দিনই পর্যাপ্ত মজুদ রাখেন। কিন্তু গেল শুক্রবার অস্বাভাবিক পরিমাণ তেল বিক্রি হয়ে যাওয়ায় শনিবার বিকালেই পেট্রোল ও অকটেন শেষ হয়ে যায়।
শনিবার বিকালে সিটি ফিলিং স্টেশনে গিয়েও একই চিত্র দেখা যায়।
জ্বালানি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমান চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এ ধরনের কোনো খবর আমাদের জানা নেই। যেহেতু মানুষের মধ্যে জ্বালানির দাম বৃদ্ধির একটা শঙ্কা ছিল, সেজন্য আমরা আগেই জানিয়ে দিলাম যে, দাম বাড়ছে না।”
পুরনো খবর
কেরোসিনের দাম লিটারে বাড়ল ১০ টাকা
জ্বালানি তেলের দাম লিটারে কমল ১ টাকা