১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ

“মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। বিকালে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তাকে হাসপাতাল থেকেই মুক্তি দেওয়া হয়েছে।”

জামিনে কারামুক্ত সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ
ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 11:01 PM

Updated : 26 Aug 2026, 01:35 PM

আওয়ামী লীগ সরকার পতনের পর গ্রেপ্তার হওয়া সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জামিনে কারাগার থেকে মুক্তি পেয়েছেন।

বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে তিনি কারাগার থেকে মুক্তি পেয়েছেন বলেন জানিযেছেন ঢাকা কেন্দ্রীয় কারাগারের জেলার এ কে এ এম মাসুম।

তিনি বলেন, “মোশাররফ হোসেন বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন ছিলেন। বিকালে জামিনের কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তাকে হাসপাতাল থেকেই মুক্তি দেওয়া হয়েছে।”

ঢাকা ও চট্টগ্রামে সাবেক এই মন্ত্রীর বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা ছিল। সর্বশেষ পল্টন থানার একটি মামলায় জামিন পেলে তাকে করাগার থেকে মুক্তি দেওয়া হয়।

গত ৫ অগাস্ট মধ্যরাতে বার্ধক্য জনিত রোগে গুরুতর অসুস্থ হলে ইঞ্জিনিয়ার মোশাররফকে কারা হাসপাতাল থেকে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে ভর্তি করা হয়।

বৃহস্পতিবার জামিনের পর তার প্রহরায় থাকা কারা রক্ষীদের সরিয়ে নেয় কারা কর্তৃপক্ষ।

ছাত্র-গণঅভ্যুত্থানের মুখে গত বছরের ৫ অগাস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে।

এর পর ২৭ অক্টোবর মিরসরাইয়ের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনকে ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গ্রেপ্তার করেছিল পুলিশ।

চট্টগ্রাম-১ (মীরসরাই) আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ১৯৭৩, ১৯৮৬, ১৯৯৬, ২০০৮, ২০১৪ এবং ২০১৮ সালে এমপি হন। ১৯৭২ সালে তিনি সংবিধান প্রণেতাদের মধ্যে তিনি একজন।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সদস্য বিভিন্ন সময়ে সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি।

চলতি বছর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের মনোনয়নে এমপি হন ইঞ্জিনিয়ার মোশাররফের ছেলে মাহবুব রহমান রুহেল।

পুরনো খবর:

সাবেক পূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ গ্রেপ্তার

সাবেক পূর্তমন্ত্রী মোশাররফ আরো ৯ মামলায় গ্রেপ্তার

ইঞ্জিনিয়ার মোশাররফকে ঢাকায় নেওয়ার পরামর্শ চট্টগ্রামের চিকিৎসকদের