Published : 12 May 2026, 01:45 PM
জামায়াতে ইসলামীর আমির ও ঢাকা-১৫ আসনের সংসদ সদস্য শফিকুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করে পানি সমস্যার সমাধান দাবি করেছেন ওই আসনের বিভিন্ন এলাকার বাসিন্দারা।
সোমবার রাতে মিরপুরের একটি বাসায় শফিকুর রহমানের সঙ্গে মতবিনিময় করেন মনিপুর, কাজীপাড়া, ইব্রাহিমপুর ও কাফরুলের বাড়ি মালিক সমিতির প্রতিনিধিরা।
পরে এ সভার বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে জামায়াতে ইসলামী বলেছে, বাড়ি মালিক সমিতির প্রতিনিধিরা তাদের এলাকায় পানির তীব্র সংকটে বসবাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে বলে তুলে ধরেন।
বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান তাদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং পানির সমস্যা সমাধানে প্রয়োজনীয় সবকিছু করার প্রতিশ্রুতি দেন। তিনি এ অঞ্চলের সব সমস্যা সমাধানে জনগণের পাশে থাকবেন বলে আশ্বস্ত করেন।
তিনি বলেন, “পানির সংকট সমাধানের জন্য আমি ইতোমধ্যে ওয়াসার এমডির সঙ্গে কথা বলেছি। এই এলাকার পানি সংকটের বিষয়টি জাতীয় সংসদে উত্থাপন করার পর প্রধানমন্ত্রী ব্যক্তিগতভাবে সমস্যা সমাধানে বিশেষ ভূমিকা পালন করবেন বলে আশ্বাস দিয়েছেন।”
এসময় আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির সেলিম উদ্দিন।