Published : 10 May 2026, 05:38 PM
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাশিবিরের শিখন কেন্দ্র (লার্নিং সেন্টার) পরিদর্শন করেছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ।
রোববার তিনি ইউনিসেফ ও ব্র্যাক পরিচালিত তিনটি শিখন কেন্দ্র পরিদর্শন করেন বলে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এ সময় প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং তাদের স্বপ্ন, ভবিষ্যৎ পরিকল্পনা ও শিক্ষাজীবনের নানা অভিজ্ঞতার কথা শোনেন।
প্রতিমন্ত্রী রোহিঙ্গা জনগোষ্ঠীর প্রতিনিধিদের সঙ্গেও মতবিনিময় করেন। এছাড়া শিখন কেন্দ্রের শিক্ষকরা শিক্ষাদান কার্যক্রম পরিচালনায় বিদ্যমান বিভিন্ন সমস্যা, অবকাঠামোগত সীমাবদ্ধতা, শিক্ষাসামগ্রীর ঘাটতি ও প্রশিক্ষণসংক্রান্ত চ্যালেঞ্জের বিষয়গুলো তুলে ধরেন।
ববি হাজ্জাজ বলেন,"প্রতিটি শিশুরই স্বপ্ন দেখার অধিকার রয়েছে। মানবিক সংকটের মধ্যেও শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
"শিক্ষা শুধু জ্ঞান অর্জনের মাধ্যম নয়, এটি একটি প্রজন্মকে সহিংসতা, হতাশা ও অন্ধকার ভবিষ্যৎ থেকে দূরে রাখার সবচেয়ে কার্যকর উপায়।"
রোহিঙ্গা শিশুদের জন্য নিরাপদ, মানবিক ও শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে বাংলাদেশ সরকার আন্তরিকভাবে কাজ করছে মন্তব্য করে প্রতিমন্ত্রী বলেন, "আন্তর্জাতিক সম্প্রদায়, উন্নয়ন সহযোগী ও সংশ্লিষ্ট সকলকে সমন্বিতভাবে কাজ করতে হবে, যেন কোনো শিশুই শিক্ষার বাইরে না থাকে।"
পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সঙ্গে ইউনিসেফের চিফ অব এডুকেশন দীপা সরকার ও এডুকেশন ম্যানেজার লুইজ লিক উপস্থিত ছিলেন।