Published : 25 Sep 2025, 10:14 PM
অগ্রণী ব্যাংক থেকে‘ভুয়া প্রতিষ্ঠানের নামে’ ঋণ নিয়ে সুদাসলে প্রায় ১৯০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংকটির সাবেক ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও মহাব্যবস্থাপকসহ ১১ জনের বিরুদ্ধে মামলার সিদ্ধান্ত নিয়েছে দুদক।
বৃহস্পতিবার দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন সাংবাদিকদের মামলার অনুমোদনের তথ্য দিয়েছেন।
অনুসন্ধানের বরাতে দুদক বলছে, মেসার্স মিজান ট্রেডার্স নামে একটি ‘ভুয়া’ প্রতিষ্ঠানের মাধ্যমে নুরজাহান গ্রুপের মালিকানাধীন জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেডের কর্মকর্তাদের সহযোগিতায় ৫১ কোটি টাকা ঋণ নেওয়া হয়। পরবর্তীতে সুদসহ সেই ঋণের পরিমাণ দাঁড়ায় ১৮৯ কোটি ৮০ লাখ টাকা।
প্রথমবার হিসাব খোলার কয়েক মাসের মধ্যেই ঋণ অনুমোদন করা হয়। সেসময় অগ্রণী ব্যাংকের সংশ্লিষ্ট শাখার প্রিন্সিপাল অফিসার, সহকারী মহাব্যবস্থাপক, সার্কেল মহাব্যবস্থাপক থেকে শুরু করে প্রধান কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা কোনো আপত্তি জানাননি। বরং তারা ঋণ অনুমোদনের সুপারিশ করেন। ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদও ঋণ অনুমোদন করে।
দুদকের অভিযোগ, মিজান ট্রেডার্স প্রকৃতপক্ষে নুরজাহান গ্রুপের বেনামি প্রতিষ্ঠান ছিল। নামমাত্র মালিক হিসেবে মিজানুর রহমান নামের একজন বেতনভোগী কর্মকর্তা দেখানো হলেও হিসাব পরিচালনার অনুমোদন দেন জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জহির আহমেদ।
মামলায় আসামি করা হচ্ছে অগ্রণী ব্যাংকের সাবেক এমডি ও সিইও সৈয়দ আব্দুল হামিদ, আছাদগঞ্জ শাখার সাবেক প্রিন্সিপাল অফিসার ও মহাব্যবস্থাপক মোস্তাক আহমেদ, সাবেক উপ-মহাব্যবস্থাপক মো. আবুল হোসেন তালুকদার, সাবেক মহাব্যবস্থাপক (ঢাকা সার্কেল-২) মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ, সাবেক মহাব্যবস্থাপক মোহাম্মদ শামস উল ইসলাম, সাবেক উপ-মহাব্যবস্থাপক তাজরীনা ফেরদৌসী, সাবেক মহাব্যবস্থাপক মো. মোফাজ্জল হোসেনকে।
এ ছাড়া আসামি তালিকায় রয়েছেন- মেসার্স মিজান ট্রেডার্সের কথিত মালিক মো. মিজানুর রহমান, জাসমীর ভেজিটেবল ওয়েল লিমিটেডের এমডি জহির আহমেদ, পরিচালক টিপু সুলতান ও ফরহাদ মনোয়ার।
ঝিনাইদহের সাবেক মেয়র ও তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করবে দুদক
ঝিনাইদহ পৌরসভার সাবেক মেয়র সাইদুল করিম মিন্টু ও তার স্ত্রী আর্মিজা শিরীন আক্তারের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জন ও তথ্য গোপনের অভিযোগে দুটি পৃথক মামলা করার তথ্য দিয়েছেন দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন।
দুদকের অনুসন্ধান বলছে, তারা ৮ কোটি ৭০ লাখ টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন করেছেন এবং ৮ কোটি টাকার বেশি সম্পদের তথ্য গোপন করেছেন।
সাবেক অর্থমন্ত্রীর ৩ সহযোগীর বিরুদ্ধেও মামলা
সাবেক অর্থমন্ত্রী আ ফ ম মুস্তফা কামালের তিন ঘনিষ্ঠ সহযোগীর বিরুদ্ধেও অবৈধভাবে সম্পদ অর্জনের অভিযোগে পৃথক তিনটি মামলার অনুমোদন দিয়েছে দুদক।
তারা হলেন- কুমিল্লার লাকসাম উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আমিরুল ইসলাম, একই উপজেলার স্থানীয় আওয়ামী লীগ নেতা শাহাদাত হোসেন।