Published : 16 Mar 2026, 06:21 PM
স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহারের আগে সরকারকে মাঠের বাস্তবতা যাচাই করার পরামর্শ দিয়েছেন গণসাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক রাশেদা কে চৌধূরী।
তিনি বলেন, “আমরা দেখেছি যে সরকার মোটামুটি একমত যে লটারিটা প্রত্যাহার করবেন। আমরা কিন্তু এটা করার আগে বলব- ভালো করে গ্রাউন্ড লেভেল রিয়ালিটিটা দেখতে।
“লটারি কোথায় আছে? নামি-দামী স্কুলগুলোর জন্য লটারি আছে, গ্রামে তো লটারি নেই। তাহলে কেন নামি-দামী স্কুলের জন্য লটারি করা হয়েছিল?”
সোমবার সকালে রাজধানীর একটি হোটেলে এক সংলাপে বিগত তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রাশেদা কে চৌধূরী এই পরামর্শ দেন।
কিন্তু বিকালেই স্কুলে নতুন শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে লটারি পদ্ধতি প্রত্যাহার করে শিক্ষা মন্ত্রণালয়।
শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বলেছেন, “বছরের প্রথমে অ্যাডমিশন যেটা হয়, সেখানে আমরা লটারির পরিবর্তে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করতে যাচ্ছি। আগাম জানিয়ে দিলাম, যেন সবাই সুযোগ পায়।
“আমরা লটারি সিস্টেম উইথড্র করলাম,দ্যাটস ইট।”
সব শ্রেণিতে ভর্তির ক্ষেত্রেই পরীক্ষার আয়োজন করা হবে বলে ইঙ্গিত দেন শিক্ষামন্ত্রী।
শিক্ষা নিয়ে কাজ করা বেসরকারি এই উন্নয়ন সংস্থা গণস্বাক্ষরতা অভিযানের নির্বাহী পরিচালক বলেন, “আমার রিকশাওয়ালার সন্তান তো ভিকারুননিসা স্কুলে ভর্তি হতে পারে না লটারি ছাড়া।

“সেই জায়গায় বরং লটারিটাকে ভালো করে, গভর্নেন্সটা ভালো করে, সেখানে যেন ম্যানেজমেন্ট স্ট্রাকচার ভালো হয়। ঘুষ-দুর্নীতি যেন না হয়, এটা একটা দেখার প্রয়োজন আছে।”
বর্তমান লটারি পদ্ধতির বিকল্প তুলে ধরে তিনি বলেন, “আরেকটা বিকল্প আছে যেটা আমি বলতে চাই, সেটা হল-ক্যাচমেন্ট এরিয়া। গেন্ডারিয়ার শিক্ষার্থী কেন আসবে মোহাম্মদপুরে পড়তে? ক্যাচমেন্ট এরিয়ার এটা এখন ৪০ শতাংশ আছে। এটাকে বাড়ানোর ব্যবস্থা করা যায় কিনা।
“ভালো স্কুলে পড়তে গেলে এই যে অভিভাবকদের আউট-অব-পকেট ফ্যামিলি এক্সপেন্সেস—ইউনেস্কোর হিসাব মতে বাংলাদেশে তো ৭১ শতাংশ—সেটা কিন্তু কমে যেত।”
এ সময় শিক্ষা খাতে আন্তঃমন্ত্রণালয় সমন্বয়ের কথা তুলে ধরে রাশেদা কে চৌধূরী বলেন, “শিক্ষার খাতকে একেবারে বিচ্ছিন্ন দেখলে তো হবে না।”
‘নির্বাচনী ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত: নতুন চিন্তা, নতুন কাঠামো ও নতুন পদক্ষেপ’ শীর্ষক এ সংলাপ আয়োজন করে ‘এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম, বাংলাদেশ’।
আরও পড়ুন:
স্কুলে ভর্তিতে লটারি পদ্ধতি প্রত্যাহার
বর্তমান শিক্ষা ব্যবস্থা নিয়ে শিক্ষামন্ত্রীকে হাসনাতের প্রশ্ন