আন্দোলনে হামলা: ‘বিশেষ অভিযানে’ গ্রেপ্তার ১১৪০
অপরাধপ্রবণ এলাকায় ‘কম্বিং অপারেশন’ চালানো হচ্ছে, বলছে পুলিশ।
জুলাই-অগাস্টে ছাত্র-জনতার আন্দোলনে হামলার অভিযোগে নয় দিনে ১ হাজার ১৪০ জনকে গ্রেপ্তারের তথ্য দিয়েছে পুলিশ।
সোমবার পুলিশ সদর দপ্তরের এক বার্তায় বলা হয়, দেশজুড়ে গত ১৮ অক্টোবর থেকে চালানো বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
আন্দোলনে হামলা ছাড়াও সন্ত্রাস, ছিনতাই, চাঁদাবাজি, মাদক ও কিশোর গ্যাংসহ বিভিন্ন অপরাধের ঘটনায় গ্রেপ্তারের চিত্রও তুলে ধরা হয়েছে।
পুলিশের বার্তায় বলা হয়, “দেশে চলমান বিশেষ অভিযানের অংশ হিসেবে আন্দোলনে হামলাকারীসহ বিভিন্ন ধরনের অপরাধীদের গ্রেপ্তার করা হচ্ছে। এই অভিযান জোরদারে পুলিশের সকল ইউনিট প্রধানকে নির্দেশ দিয়েছেন আইজিপি মো. ময়নুল ইসলাম।
“গত ১৮ অক্টোবর থেকে ২৭ অক্টোবর পর্যন্ত বিশেষ অভিযানে ছিনতাইকারী-চাঁদাবাজ-ডাকাত ২০০ জন, তালিকাভুক্ত সন্ত্রাসী ১৬ জন, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনে হামলাকারী ১ হাজার ১৪০ জন, মাদক মামলায় ১ হাজার ১৪৪ জন এবং অবৈধ অস্ত্রধারী ৫৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে।”
বার্তায় আরও বলা হয়, “চলমান অভিযানে অপরাধপ্রবণ এলাকায় ‘কম্বিং অপারেশন’ চালানো হচ্ছে। পুলিশের স্থায়ী চেকপোস্টের পাশাপাশি অস্থায়ী চেকপোস্ট বসানো হয়েছে। টহল জোরদার এবং গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। মোবাইল পেট্রোল ও মোটরসাইকেল পেট্রোল টিম বাড়ানো হয়েছে।
“ডিএমপি এলাকায় ১৫০টি স্থায়ী ও মোবাইল চেকপোস্ট রয়েছে। ৩০০টি মোটর সাইকেল টিম এবং ২৫০টি টহল টিম কার্যকর রয়েছে। এছাড়া দেশব্যাপী অপরাধীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ অব্যাহত রয়েছে।”
