Published : 09 Feb 2026, 09:58 PM
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে বিদেশি সাংবাদিকদের জন্য ‘মিডিয়া সেন্টার’ ও হটলাইন চালু করেছে সরকার।
হোটেল ইন্টারকন্টিনেন্টালে মিডিয়া সেন্টারটি স্থাপন করা হয়েছে বলে এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
তথ্য অধিদফতরের উদ্যোগে চালু হওয়া এ মিডিয়া সেন্টার সোমবার থেকে শুক্রবার পর্যন্ত চালু থাকবে।
এছাড়া নির্বাচনসংক্রান্ত তথ্য পেতে বিদেশি সাংবাদিকদের জন্য দুটি হটলাইন নম্বার (৪৮৩২২৩৪৪ ও ৪৮৩২২৪৩৫) চালু করা হয়েছে।
বিদেশি গণমাধ্যমকর্মীদের জন্য মিডিয়া গাইডও প্রকাশ করেছে পিআইডি।
পৃথক এক তথ্যবিবরণীতে বলা হয়, এ গাইডে নির্বাচন কমিশন, নির্বাচনসংশ্লিষ্ট দপ্তর, গুরুত্বপূর্ণ ব্যক্তি ও সব রিটার্নিং অফিসারের তথ্য রয়েছে। নির্বাচনের দায়িত্বে থাকা নিরাপত্তাবাহিনী ও বিভিন্ন এজেন্সির ফোন নম্বর, ই-মেইলও মিলবে এই নির্দেশিকায়।
ঢাকার সংবাদপত্র, সংবাদ সংস্থা ও স্যাটেলাইট টেলিভিশন চ্যানেলের সঙ্গে যোগাযোগের নম্বর, পিআইডির মিডিয়া সেন্টারের তথ্য এবং বিদেশি সংবাদকর্মীদের জন্য মানি এক্সচেঞ্জ, হোটেল-রেস্তোরাঁ, ট্রান্সপোর্ট সার্ভিসসহ জরুরি ফোন নম্বর রয়েছে এতে।
গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপট, অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহ, নির্বাচনি আচরণবিধি এবং নির্বাচনের খবর সংগ্রহে আসা বিদেশি সাংবাদিকদের আচরণবিধিও যুক্ত রয়েছে এতে।
১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার দেশে ত্রয়োদশ সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রশ্নে গণভোট হতে যাচ্ছে।