২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

১৪ হাজার ইয়াবার মামলায় তিনজনের যাবজ্জীবন

২০২৩ সালের নভেম্বরে একটি টয়োটা ল্যান্ডক্রুজার থেকে ইয়াবাসহ তাদের আটক করা হয়েছিল।

১৪ হাজার ইয়াবার মামলায় তিনজনের যাবজ্জীবন
ইয়াবা, ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2025, 08:45 PM

Updated : 26 Aug 2026, 01:20 PM

দেড় বছর আগে রাজধানীর যাত্রাবাড়ী থানাধীন রায়েরবাগ এলাকা থেকে ১৪ হাজার ইয়াবা উদ্ধারের মামলায় এক নও মুসলিমসহ তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। 

ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুলান-২ এর বিচারক অরুনাভ চক্রবর্তী মঙ্গলবার এ রায় দেন।

দণ্ডিতরা হলেন-সঞ্জয় দাস ওরফে মো. হোসেন (নও মুসলিম), কবির মোল্লা এবং মো. ইছহাক।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী মো. আব্দুল নুর ভূঁইয়া (বাবলু) জানান, যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি প্রত্যেককে এক লাখ টাকা করে অর্থদণ্ড, অনাদায়ে তাদের আরও ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রায় ঘোষণার আগে আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর সাজা পরোয়ানা দিয়ে তাদের আবার কারাগারে পাঠানো হয়। 

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৩০ নভেম্বর রাতে রায়েরবাগ এলাকায় একটি টয়োটা ল্যান্ডক্রুজার আটক করা হয়। গাড়ি তল্লাশি করে পাওয়া যায় ১৪ হাজার ইয়াবা। সে সময় ওই গাড়ি থেকে তিনজনকে আটক করা হয়। 

যাত্রাবাড়ী থানার পরির্দশক শফিকুল ইসলাম ওইদিনই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করেন। তদন্তের পর গত বছরের ১৩ ফ্রেব্রুয়ারি তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন এসআই মো. নূর আলম সিদ্দিক।

গত বছরের ১ সেপ্টেম্বর অভিযোগ গঠন করে আসামিদের বিচার শুরুর আদেশ দেয় আদালত। বিচার চলাকালে ১২ জন সাক্ষীর মধ্যে সাতজনের সাক্ষ্য শোনা হয়। আসামিদের আত্মপক্ষ শুনানি, যুক্তিতর্ক উপস্থাপন শেষে মঙ্গলবার আদালত রায় ঘোষণা করল।