১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

এসবির দায়িত্বে রফিকুল, অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে আরও ৫ ডিআইজি

পিবিআই প্রধান করা হয়েছে একই ইউনিটের ডিআইজি মোস্তফা কামালকে।

এসবির দায়িত্বে রফিকুল, অতিরিক্ত আইজিপির চলতি দায়িত্বে আরও ৫ ডিআইজি
খোন্দকার রফিকুল ইসলাম।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Oct 2024, 08:51 PM

Updated : 26 Aug 2026, 10:47 AM

পুলিশের বিশেষ শাখার (এসবি) প্রধান হিসেবে গাজীপুর মহানগর পুলিশ কমিশনার খোন্দকার রফিকুল ইসলামকে দায়িত্ব দেওয়া হয়েছে।

উপমহাপরির্দশক (ডিআইজি) রফিকুল ইসলাম চলতি দায়িত্বে এসবির অতিরিক্ত অতিরিক্ত মহাপরিদর্শক হিসেবে কাজ করবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাকে এই পদে বেছে নেওয়ার পাশাপাশি আরও পাঁচ ডিআইজিকে অতিরিক্ত আইজির পদে চলতি দায়িত্ব দিয়েছে।

বৃহস্পতিবার একই আদেশে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) প্রধানের দায়িত্ব দেওয়া হয়েছে একই ইউনিটের ডিআইজি মোস্তফা কামালকে। তাকে চলতি দায়িত্বে অতিরিক্ত আইজি করা হয়েছে।

ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর পুলিশে ব্যাপক পরিবর্তন ও দায়িত্ব বণ্টন করা হচ্ছে। এর ধারাবাহিকতায় নতুন এ রদবদলের আদেশ এল।      

এতে পুলিশ সদর দপ্তরের তিন ডিআইজি আকরাম হোসেন, আবু নাছের মোহাম্মদ খালেদ ও মোসলেহ উদ্দীন আহমদকে চলতি দায়িত্বে অতিরিক্ত আইজি করা হয়েছে।

অপরদিকে শিল্পাঞ্চল পুলিশের ডিআইজি ছিবাগত উল্লাহকে একই ইউনিটের অতিরিক্ত আইজি করা হয়েছে।

এ আদেশে এসবির নতুন প্রধানের দায়িত্বে আসা রফিকুল চলতি মাসের শুরুতে অবসরে যাওয়া শাহ আলমের স্থলাভিষিক্ত হবেন।

সরকার পতনের পর এসবির সাবেক প্রধান আলোচিত পুলিশ কর্মকর্তা মনিরুল ইসলাম আত্মগোপনে যান। এরপর এ ইউনিটের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয় ডিআইজি শাহ আলমকে। গত ২ অক্টোবর অতিরিক্ত আইজি হিসেবে পদোন্নতি দিয়ে ওইদিনই তাকে অবসরে পাঠানো হয়।