Published : 06 Mar 2026, 05:06 PM
ফেব্রুয়ারি মাসে দেশে সড়ক, রেল ও নৌ পথে ৪৮৮টি দুর্ঘটনায় ৪৭৭ জনের প্রাণহানি এবং আহত হয়েছে ১ হাজার ১৯৭ জ।
শুক্রবার যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজ্জামেল হক চৌধুরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।
তাতে বলা হয়, ফেব্রুয়ারির ২৮ দিনে দেশে ৪৪৮টি সড়ক দুর্ঘটনায় ৪৪৭ জন নিহত ও এক হাজার ১৮১ জন আহত হয়েছেন; আর এই দুর্ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ঢাকা বিভাগে
একই সময়ে রেলপথে ৩৪টি দুর্ঘটনায় ২৬ জনের মৃত্যু ও ১১ জন আহত এবং নৌ পথে ছয়টি দুর্ঘটনায় চারজনের মৃত্যু ও পাঁচজন আহত হয়েছেন।
দেশের জাতীয়, আঞ্চলিক ও অনলাইন সংবাদপত্রে প্রকাশিত সড়ক, রেল ও নৌ পথের দুর্ঘটনার সংবাদ পর্যবেক্ষণ করে যাত্রী কল্যাণ সমিতি এই প্রতিবেদন তৈরি করা হয়েছে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।
সবচেয়ে বেশি দুর্ঘটনার কবলে পড়েছে মোটরসাইকেল, যা মোট দুর্ঘটনার ৩৩ দশমিক ৭০ শতাংশ।
১৫১টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৬৭ জন নিহত, ১৩৭ জন আহত হয়েছে। শতকরা হিসাবে নিহত ৩৭ দশমিক ৩৬ শতাংশ ও আহত ১১ দশমিক ৬০ শতাংশ।
তথ্য বিশ্লেষণে দেখা গেছে, সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে ঢাকা বিভাগে। ১১৩টি সড়ক দুর্ঘটনায় ১১৫ জন নিহত ও ৩৮৭ জন আহত হয়েছেন। সর্বনিম্ন বরিশাল বিভাগে, ২২টি সড়ক দুর্ঘটনায় ১৯ জন নিহত ও ৮৫ জন আহত হয়েছে।
মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৬৩ শতাংশ হয়েছে জাতীয় মহাসড়কে।