১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ব্যবসায়িক বিরোধে কাঁচামাল ব্যবসায়ী খুন: দুই দিনের রিমান্ডে অংশীদার, কারাগারে স্ত্রী

গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসার কথা বলে রাজুকে বড় মগবাজারে ডেকে নিয়ে খুন করা হয়।

ব্যবসায়িক বিরোধে কাঁচামাল ব্যবসায়ী খুন: দুই দিনের রিমান্ডে অংশীদার, কারাগারে স্ত্রী
গ্রেপ্তার বজলু মিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jul 2026, 08:27 PM

Updated : 11 Sep 2026, 03:46 PM

ঢাকার হাতিরঝিলে কাঁচামাল ব্যবসায়ী এমাদুল হাওলাদার রাজু হত্যা মামলায় গ্রেপ্তার তার ব্যবসায়িক অংশীদার মো. বজলু মিয়া ওরফে বজলুকে জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। 

সেই সঙ্গে বজলুর স্ত্রী সাথী আক্তারের রিমান্ড ও জামিন আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়েছে।

ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশরাফুল হক শুক্রবার এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা হাতিরঝিল থানার এসআই মো. নাসিম এদিন দুই আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করেন।

আদালতের প্রসিকিউশন বিভাগের এসআই আরিফ রেজা বলেন, রাষ্ট্রপক্ষ আসামিদের রিমান্ড মঞ্জুরের আবেদন করে। অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী রিমান্ডের বিরোধিতা করে জামিনের আবেদন করেন।

তদন্ত কর্মকর্তা জানান, বৃহস্পতিবার বিকেলে গাজীপুরের কালিয়াকৈর এলাকা থেকে বজলু ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়।

মামলার বিবরণে বলা হয়, এমাদুল হাওলাদার রাজু রাজধানীর কারওয়ান বাজারে কাঁচামালের ব্যবসা করতেন। একই বাজারে তার সঙ্গে ব্যবসা করতেন বজলু। ব্যবসায়িক লেনদেন নিয়ে তাদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

গত ২৮ জুলাই সন্ধ্যায় ব্যবসার কথা বলে রাজুকে রাজধানীর বড় মগবাজারে নিজের বাসায় ডেকে নেন বজলু। সেখানে কথাবার্তার একপর্যায়ে তিনি ধারালো অস্ত্র দিয়ে রাজুর পিঠের ডান পাশে আঘাত করে বলে অভিযোগ করা হয়েছে মামলায়। 

গুরুতর আহত অবস্থায় বজলুসহ অন্যরা রাজুকে প্রথমে মগবাজারের আদ-দ্বীন হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহতের বড় বোন শাহানা বেগম ২৯ জুলাই হাতিরঝিল থানায় হত্যা মামলা দায়ের করেন।