১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

৪৮তম বিশেষ বিসিএস: পদ বাড়ানোর ‘সুযোগ নেই’, বলছে মন্ত্রণালয়

চিকিৎসক নিয়োগের এই বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন তিন হাজার ১২০ প্রার্থী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Oct 2025, 09:47 PM

Updated : 26 Aug 2026, 02:34 PM

চিকিৎসক নিয়োগের জন্য আয়োজন করা ৪৮তম বিশেষ বিসিএসে পদ বাড়ানোর ‘সুযোগ নেই’ বলে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় তরফে বলা হয়েছে।

গেল ২৪ সেপ্টেম্বর এই বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন-পিএসসি। তিন হাজার ১২০ প্রার্থী এ বিসিএসে চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন।

তবে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সব চিকিৎসককে নিয়োগ দেওয়ার দাবিতে বিক্ষোভ ও মানববন্ধনে মতো কর্মসূচির পরিপ্রেক্ষিতে বুধবার মন্ত্রণালয়ের তরফে এ কথা বলা হয়েছে।

এক তথ্য বিবরণীতে বলা হয়েছে, “বিসিএস স্বাস্থ্য ক্যাডারে বর্তমানে সহকারী সার্জনের শূন্য পদ ৪ হাজার ৮৩৭টি এবং সহকারী ডেন্টাল সার্জনের শূন্য পদ ১৫০টি।

“বর্তমানে চলমান বিসিএসগুলোতে ৪ হাজার ৫২৩ জন চিকিৎসক নিয়োগ প্রক্রিয়াধীন। ৪৮তম (বিশেষ) বিসিএস এ সুপারিশপ্রাপ্ত এবং চলমান অন্যান্য বিসিএসের চিকিৎসকরা যোগদান করলে আর কোন শূন্য পদ থাকবে না।”

মাঠ পর্যায়ে বেশি সংখ্যক চিকিৎসক পদায়ন নিশ্চিত করতে আরো পদ সৃজনের ব্যবস্থা নিতে হবে তুলে ধরে মন্ত্রণালয় বলেছে, “৪৮তম বিসিএস পরীক্ষায় প্রায় ৪১ হাজার চিকিৎসক অংশগ্রহণ করেছিলেন। তাদের মধ্যে যারা নির্বাচিত হতে পারেননি তারা এখনও চাকরির জন্য অপেক্ষমাণ। তাদের সাথে গত কয়েক মাসে যোগ হয়েছে আরো প্রায় ৫ হাজার চিকিৎসক।

“অপেক্ষমাণ এবং নতুন পাস করা প্রায় ৪৩ হাজার চিকিৎসকের সরকারি চাকরির সুযোগ অবারিত রাখা ও ন্যায়বিচারের স্বার্থে ৪৮তম বিশেষ বিসিএসে আর পদ বাড়ানোর সুযোগ নাই।”

৪৮তম বিশেষ বিসিএসের মাধ্যমে সহকারী সার্জন পদে ২৮২০ জন এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০০ জন মনোনয়ন পেয়েছেন।

ইতোমধ্যে তাদের স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন হয়েছে জানিয়ে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় বলছে, পুলিশ ভেরিফিকেশন শেষে শিগগিরেই প্রজ্ঞাপন জারি করে তাদের নিয়োগ দেওয়া হবে।

মন্ত্রণালয় বলছে, ৪৪তম, ৪৫তম, ৪৬তম ও ৪৭তম বিসিএস অর্থাৎ চারটি নিয়মিত বিসিএস পরীক্ষার কার্যক্রম চলমান থাকা অবস্থায় ‘প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা প্রদানের জন্য’ বর্তমান অন্তর্বর্তী সরকার ৪৮তম বিসিএস (বিশেষ) পরীক্ষার কাযর্ক্রম শুরু করে। মাত্র পাঁচ মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পথে, বিসিএসের ইতিহাসে যা হবে দ্রুততম।

প্রথমে মোট তিন হাজার পদের জন্য সুপারিশ করার অনুরোধ করা হলেও পরবর্তীতে আরো ৫০০ পদ বাড়ানোর জন্য চাহিদা দেওয়ার কথা বলেছে মন্ত্রণালয়।

৪৮তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল গত ২৯ মে। আবেদন করেছিলেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। ২০ জুলাই নেওয়া লিখিত পরীক্ষায় সহকারী সার্জন পদে ৪৬৯৫ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৫১১ জন উত্তীর্ণ হয়েছিলেন। গত ৬ অগাস্ট থেকে তাদের মৌখিক পরীক্ষা নেওয়অ হয়।

তবে এই বিশেষ বিসিএসে লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ সবাই নিয়োগ দেওয়ার দাবি তুলেছেন নিয়োগপ্রত্যাশী চিকিৎসকরা।

তারা গেল সোমবার জাতীয় প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ ও মানববন্ধন করেন। এর আগেও একই দাবিতে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছিলেন।

আগের খবর:

৪৮তম বিসিএসের ফল: নিয়োগ পাচ্ছেন ৩ হাজার ১২০ চিকিৎসক