Published : 19 May 2026, 08:00 PM
সমুদ্রপথে ইউরোপ যাওয়ার জন্য লিবিয়ার বেনগাজি শহরে গিয়ে আটকে পড়া ১৭০ জনকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।
মঙ্গলবার ভোরে বুরাক এয়ারের একটি ফ্লাইটে তাদের দেশে ফেরার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়া সরকার ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার সহযোগিতায় তাদের ফেরানোর যৌথ উদ্যোগ নিয়েছে লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস, পররাষ্ট্র মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।
এর আগেও ইউরোপে যাওয়ার জন্য লিবিয়াতে গিয়ে আটকে পড়া বাংলাদেশিদের অনেককে ফিরিয়ে আনা হয়েছে।
গেল ২৩ এপ্রিল লিবিয়ায় ‘ডিটেনশন সেন্টারে’ বন্দি থাকা ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, প্রত্যাবাসিত বাংলাদেশিদের বেশিরভাগই সমুদ্রপথে অবৈধভাবে ইউরোপ যাওয়ার উদ্দেশ্যে মানব পাচারকারীদের প্ররোচনায় ও সহযোগিতায় লিবিয়ায় অনুপ্রবেশ করেন বলে জানা যায়।
“তাদের অনেকে লিবিয়াতে বিভিন্ন সময়ে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।”
পররাষ্ট্র মন্ত্রণালয়, প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় ও আন্তর্জাতিক অভিবাসন সংস্থার কর্মকর্তারা ফিরে আসা বাংলাদেশিদের বিমানবন্দরে অভ্যর্থনা জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জনসচেতনতা বাড়াতে তাদের এই দুর্বিষহ অভিজ্ঞতা সকলের সঙ্গে বিনিময় করার জন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে অনুরোধ জানানো হয়েছে।