১৮ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

সড়কে বিবাদ, ধাক্কা মারায় মগবাজারে বাসচাপায় প্রাণ গেল একজনের

মোটরসাইকেলের সঙ্গে ধাক্কা লাগলে চালকের সঙ্গে বিতণ্ডায় জড়ান আক্তারুল, ভাষ্য পুলিশের।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2026, 11:44 PM

Updated : 11 Sep 2026, 03:21 PM

ঢাকার সড়কে দুই ব্যক্তির বিবাদের মধ্যে বাসচাপায় একজনের মৃত্যু হওয়ার তথ্য দিয়েছে পুলিশ। 

রোববার সন্ধ্যায় মগবাজারের ওয়্যারলেস মোড়ে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম এআর আক্তারুল আলম (৬৫)।

হাতিরঝিল থানার এসআই মো. আল আমিন বলেন, সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আক্তারুল আলম ওয়্যারলেস মোড় এলাকায় সড়ক পার হচ্ছিলেন। তখন একটি মোটরসাইকেলের সঙ্গে তার ধাক্কা লাগে। এ নিয়ে চালকের সঙ্গে বিতণ্ডায় জড়ান তিনি। 

এসআই আল আমিন বলেন, একপর্যায়ে মোটরসাইকেল চালক ওই ব্যক্তিকে ধাক্কা দিয়ে সড়কে ফেলে দেয়। তখন ‘আজমেরী গ্লোরি’ পরিবহনের একটি বাসের নিচে চাপা পড়েন তিনি। পথচারীরা সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পরেই মোটরসাইকেল চালক ও বাসটি আটক করেছে পুলিশ। তবে বাসের চালক পালিয়ে যান। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আক্তারুল আলমের ছেলে ইমাম মেহেদী পরম হাসপাতালে সাংবাদিকদের বলেন, তাদের বাড়ি পিরোজপুর জেলার কাউখালি থানার বেকুটিয়া গ্রামে। তারা মেরুল বাড্ডা ‘ডিআইটি প্রজেক্ট’ এলাকায় থাকেন। তার বাবা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।