১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

টিপ-ওড়নার পোশাকবিধি: সমালোচনার মুখে পিছু হটল বাংলাদেশ বেতার

বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক বলছেন, 'ভাষাগত কিছু সমস্যা থাকায়' আদেশটি বাতিল করা হয়েছে।

টিপ-ওড়নার পোশাকবিধি: সমালোচনার মুখে পিছু হটল বাংলাদেশ বেতার
বাংলাদেশ বেতার

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 May 2026, 01:55 PM

Updated : 26 Aug 2026, 03:41 PM

ফেইসবুক লাইভে বাংলাদেশ বেতারের সংবাদ বুলেটিন প্রচারের ক্ষেত্রে উপস্থাপকদের নির্ধারিত ‘ড্রেস কোড’ অনুসরণের যে নির্দেশ দিয়েছিল বাংলাদেশ বেতার কর্তৃপক্ষ, তা বাতিল করা হয়েছে।   

রোববার বাংলাদেশ বেতারের মহাপরিচালক (চলতি দায়িত্ব) এ এস এম জাহিদ স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ বেতারের সংবাদ উপস্থাপকদের ড্রেস কোডসংক্রান্ত অফিস আদেশটি বাতিল করা হল। আদেশটি অবিলম্বে কার্যকর হবে।

বাংলাদেশ বেতারের বার্তা বিভাগের অতিরিক্ত মহাপরিচালক মুহাম্মদ শরীফুল কাদের বলছেন, 'ভাষাগত কিছু সমস্যা থাকায়' আদেশটি বাতিল করা হয়েছে।

“আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বসে একটা সুন্দর ড্রেস কোড ইমপ্লিমেন্ট করে আবার ইস্যু করব, যাতে এটা নিয়ে কোনো কথা না ওঠে। এই কারণে প্রত্যাহার করা হয়েছে।" 

সিদ্ধান্ত বদলের কারণ জানতে চাইলে কাদের বলেন, "আদেশের ভাষাগত দিক নিয়ে বেশ সমালোচনা হচ্ছে। এই আদেশটা জারি করার কারণটা হচ্ছে আমাদের যেহেতু অডিও মিডিয়া, এখানে চেহারা দেখানো, বা অন্য কোনো বিষয় নেই। কিন্তু যখন ফেইসবুক লাইভে সংবাদ প্রচার হচ্ছে তখন সেটা দর্শকের নজরে আসে। তাই কাপড়চোপড়ের ব্যাপারে একটু সতর্ক থাকতে হয়। 

“কিন্তু অনেকে টি শার্ট পরেও চলে আসে। এটা নিয়ে আমাদের অভ্যন্তরীণ বেশ সমালোচনা হচ্ছিল। এ বিষয়ে সতর্ক করতেই তড়িঘড়ি করে আদেশ দেওয়া হয়েছিল, কিন্তু কোনটা ভালো লাগে, কোনটা খারাপ লাগে এত চিন্তা করে নোটিসটা দেওয়া হয়নি। অন্য কোনো উদ্দেশ্যও ছিল না।"

তিনি বলেন, "আশা করি খুব তাড়াতাড়ি সুন্দরভাবে ড্রেস কোড ইস্যু করা হবে। সার্বিকভাবে যেন এই নিয়ে কোনো সমালোচনা আলোচনার সুযোগ না থাকে।"  

এর আগে গত ৪ মে বেতারের বার্তা বিভাগের উপমহাপরিচালক তানিয়া নাজনীন স্বাক্ষরিত অফিস আদেশে নারী সংবাদ উপস্থাপকদের জন্য ওড়নাসহ ফুলহাতা সাদামাটা সালোয়ার কামিজ ও শাড়ি পরার কথা বলা হয়।

একইসঙ্গে বলা হয়, কপালে বড় আকারের টিপ বা একপাশে ওড়না পরা যাবে না।

পুরুষ সংবাদ উপস্থাপকদের ফুলহাতা শার্ট, টাই পরতে হবে। উৎসব ও পার্বনে পাঞ্জাবি পরা যাবে। তবে টি-শার্ট ও গেঞ্জি পরা যাবে না।