১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

ইলিয়াস মোল্লাহর স্ত্রী ফরিদার ৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

এসব হিসাবে কোটি খানেক টাকা রয়েছে।

ইলিয়াস মোল্লাহর স্ত্রী ফরিদার ৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
ইলিয়াস উদ্দিন মোল্লাহ

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Jan 2026, 03:00 PM

Updated : 26 Aug 2026, 02:47 PM

দুর্নীতির অভিযোগে তদন্তের মুখে থাকা সাবেক সাংসদ ইলিয়াস উদ্দিন মোল্লাহর স্ত্রী ফরিদা ইলিয়াসের তিনটি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছে আদালত। 

তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার এ আদেশ দেন ঢাকার  মহানগর জ্যেষ্ঠ বিশেষ জজ মো. সাব্বির ফয়েজ।

আদালতের বেঞ্চ সহকারী মো. রিয়াজ হোসেন জানান, এসব হিসাবে ৯৭ লাখ সাত হাজার ৬২৮ টাকা রয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক ফেরদৌস রহমান এসব ব্যাংক হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

আবেদনে বলা হয়, ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও  ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে অবৈধভাবে ২ কোটি ৫৩ লাখ টাকা মূল্যের সম্পত্তির মালিকানা অর্জনের পাশাপাশি চারটি ব্যাংক হিসাবে ৯ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে।

ফরিদা ইলিয়াসের সব সম্পদ এখনো চিহ্নিত করা যায়নি। তবে তিনি যাতে অস্থাবর সম্পদ হস্তান্তর বা স্থানান্তর করতে না পারেন, সেজন্য ব্যাংক হিসাব অবরুদ্ধ করা দরকার।

গত ৮ ডিসেম্বর ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও তার স্ত্রী ফরিদা ইলিয়াসের বিরুদ্ধে আলাদা মামলা দায়ের করে দুদক।