স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে ৫ হাজার সশস্ত্র আনসার মোতায়েনের সিদ্ধান্ত
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আনসার সদস্যদের পরামর্শ দেওয়া হয়েছে।
দেশের সব উপজেলাতে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের নিরাপত্তা জোরদার, দালালচক্র ও অনিয়ম প্রতিরোধে সশস্ত্র ৫ হাজার আনসার মোতায়েনের সিদ্ধান্ত হয়েছে।
আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে, স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে আসা সেবাগ্রহীতাদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্বাস্থ্য কমপ্লেক্সগুলোতে যেসব আনসার সদস্য মোতায়েন করা হয়েছে, বুধবার তাদের কাজের বিষয়ে দিকনির্দেশনা দেন বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশিদ।
স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোতে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখার পাশাপাশি জনগণের নির্বিঘ্ন সেবা নিশ্চিত করতে আনসার সদস্যদের পরামর্শ দেন তিনি।
একইসঙ্গে শৃঙ্খলা, সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার মাধ্যমে বাহিনীর অর্জিত সুনাম অক্ষুণ্ণ রাখার ব্যাপারে সংশ্লিষ্টদের নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে বলেন অতিরিক্ত মহাপরিচালক।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মত সংবেদনশীল কর্মস্থলে কোনো সদস্য অনৈতিক বা অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হলে তার বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন তিনি।
বাহিনীর উপমহাপরিচালক (প্রশিক্ষণ) রফিকুল ইসলাম, পরিচালক (অঙ্গীভূতকরণ) আব্দুল মজিদ এবং ঢাকা জেলা কমান্ড্যান্ট মো. রাশেদুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
