Published : 28 Jun 2026, 06:24 PM
বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
রোববার সকাল সোয়া ৯টায় আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে স্পারসোর কার্যালয়ে পৌঁছান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে, তারেক রহমান পূর্বনির্ধারিত কর্মসূচির বাইরে স্পারসো পরিদর্শনে যান। সেখানে তিনি প্রতিটি বিভাগ ঘুরে ঘুরে দেখেন এবং কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
স্পারসো চেয়ারম্যান রাশিদুল ইসলাম প্রতিষ্ঠানের কার্যক্রমসহ সার্বিক বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এরপর স্পারসোর বিভিন্ন বিভাগের কর্মকর্তারা তাদের উদ্ভাবন, গবেষণা এবং চলমান কার্যক্রম তুলে ধরেন।

এসময় প্রধানমন্ত্রী তারেক রহমান স্পারসোকে আধুনিক, যুগোপযোগী, স্বনির্ভর এবং জাতীয় নিরাপত্তা ও উন্নয়নে কার্যকর অবদান রাখতে সক্ষম মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে নির্দেশ দেন।
এ সময় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা এ কে এম শামছুল ইসলাম, প্রতিরক্ষা সচিব আশরাফ উদ্দিন, প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম, প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও স্পারসোর ঊর্ধ্বতন কর্মকর্তারা।