১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের সাক্ষাৎ, আলোচনায় সামুদ্রিক নিরাপত্তা

নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতা কামনা করেছেন প্রধানমন্ত্রী।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jul 2026, 05:23 PM

Updated : 11 Sep 2026, 03:43 PM

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন নৌবাহিনীর নতুন প্রধান খোন্দকার মিজবাহ উল আজীম।

তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে শনিবার বিকালে এই সৌজন্য সাক্ষাৎ হয় বলে প্রধানমন্ত্রীর দপ্তর জানিয়েছে।

এ সময় দেশের সামুদ্রিক নিরাপত্তা, নৌবাহিনীর পেশাগত সক্ষমতা বৃদ্ধি, আধুনিকায়ন এবং সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে নৌবাহিনী প্রধানের মতবিনিময় হয়েছে। 

প্রধানমন্ত্রীর দপ্তর বলছে, প্রধানমন্ত্রী নৌবাহিনীর পেশাদারিত্ব ও দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাহিনীর গুরুত্বপূর্ণ ভূমিকার প্রশংসা করেছেন। পাশাপাশি নবনিযুক্ত নৌবাহিনী প্রধানের সফলতা কামনা করেছেন।

নৌবাহিনী প্রধানও প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

রিয়ার অ্যাডমিরাল খোন্দকার মিজবাহ উল আজীমকে গত ১৬ জুলাই ভাইস অ্যাডমিরাল হিসেবে পদোন্নতি দিয়ে নৌবাহিনী প্রধানের দায়িত্ব দেয় সরকার। গত বৃহস্পতিবার মিজবাহ উল আজীমকে ভাইস অ্যাডমিরালের র‌্যাঙ্ক ব্যাজ পরানো হয়েছে।

এর পর শুক্রবার সেনানিবাসে মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী সব বীর শহীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছেন নৌবাহানী প্রধান।