ফ্যানের সঙ্গে ঝুলছিল ঢামেকের নার্সের লাশ, চিরকুটে স্বামী-শ্বশুরবাড়ির বিচার দাবি
মেয়েটির স্বামীর বিরুদ্ধে মামলা করা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।
পুরান ঢাকার চকবাজার হোসেনী দালান এলাকার একটি বাসা থেকে একজন নার্সের ঝুলন্ত মরদেহ উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ।
২৯ বছর বয়সি নাহিদা আক্তার ববি নামের ওই তরুণী নার্স হিসেবে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে কর্মরত ছিলেন। তিনি তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিচার দাবি করে একটি চিরকুট লিখে গেছেন।
বৃহস্পতিবার রাতে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয় বলে চকবাজার থানার ওসি মো. আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন।
তিনি বলেন, “বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় ওই তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে।”
ববি তার স্বামী ইলিয়াসের সঙ্গে ওই ভাড়া বাসায় থাকতেন; তার বাড়ি সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনিতে।
প্রতিবেশীদের সঙ্গে কথা বলে পুলিশ বলছে, বৃহস্পতিবার ইফতারের সময় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এক পর্যায়ে ইলিয়াস বাসা থেকে বের হয়ে যায়। এরপর রাতে তিনি বাসায় ফিরে দরজা ভিতর থেকে বন্ধ পায়। ডাকাডাকি করে ভেতর থেকে কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না।
ওসি আল মামুন বলেন, “একপর্যায়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে ইলিয়াস দেখতে পান তার স্ত্রী ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রয়েছে।”
পরে খবর পেয়ে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে রাত ২টার দিকে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজে হাসপাতালে পাঠিয়েছে।
ওসি মামুন বলেন, “ওই নার্স মৃত্যুর আগে একটি চিরকুট লিখে গেছেন, যাতে তার স্বামী ইলিয়াসসহ শ্বশুরবাড়ির লোকজনের বিচার করার কথা বলেছেন।
“আমরা তার স্বামী ইলিয়াসকে প্রধান আসামি করে আত্মহত্যার প্ররোচণার অভিযোগে একটি মামলা নিচ্ছি, বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”
মামলা করার পর আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা।
